যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন বা ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ২৯ অক্টোবর। নির্ধারিত জিপিএ, আসন শূন্য থাকা এবং উভয় প্রতিষ্ঠানের প্রধানের সম্মতি সাপেক্ষে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অনলাইন কার্যক্রম নিয়ে বিশেষ নোটিশ জারি করেছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
নোটিশে জানানো হয়, বর্তমান কলেজ থেকে অনলাইনে আবেদন দাখিল করার পর ভর্তি হতে চাওয়া কলেজ তা ‘একসেপ্ট’ করবে। এরপর বোর্ড অনুমোদন দিলে ইনস্টিটিউট প্যানেলে অনুমতিপত্র পাওয়া যাবে। অনুমোদন পাওয়ার পর ছাড়পত্র গ্রহণ করে ১৫ দিনের মধ্যে নতুন কলেজে ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে।
ছাড়পত্র দেওয়ার সময় শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। এ ছাড়া ছাড়পত্র প্রদানকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মাস পর্যন্ত বেতন নিতে পারবে এবং নতুন কলেজ পরের মাস থেকে বেতন হিসাব করবে।
আবেদন সংক্রান্ত যাবতীয় ফরম ও বিস্তারিত নির্দেশনা যশোর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

