ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আকস্মিক পরিদর্শন জোরদার করার পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (২১ অক্টোবর) অধিদফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করে দেশের সব প্রতিষ্ঠানপ্রধানকে চার দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির চার নির্দেশ:
১. প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২. কোথাও পানি জমে থাকলে তা অবিলম্বে অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৩. শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
৪. প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে মাউশি।

