...|...|...

ক্যাম্পাস

ছাত্রলীগ নেতার হাতে ধরিয়ে দেওয়া প্ল্যাকার্ডে লেখা ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৪
Shares
ছাত্রলীগ নেতার হাতে ধরিয়ে দেওয়া প্ল্যাকার্ডে লেখা ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’

আটক ছাত্রলীগ নেতা অর্ক রায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে শাখা ছাত্রলীগের সাবেক নেতা অর্ক রায়কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তার হাতে একটি প্ল্যাকার্ড ধরিয়ে দেওয়া হয়। তাতে লেখা ছিল, ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’। আটকের পর ওই প্ল্যাকার্ড হাতে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (১ নভেম্বর) বিকেলে জগন্নাথ হলের একটি ক্যান্টিন থেকে তাকে আটক করা হয়। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। অর্ক রায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অর্ক রায় মাঝেমধ্যে জগন্নাথ হলে যাতায়াত করতেন। রবিবার বিকেলে হলের একটি ক্যান্টিনে খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখতে পান। পরে তাকে আটক করে হল প্রশাসনকে খবর দেওয়া হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হলের মাঠে কয়েকজন শিক্ষার্থী অর্ক রায়কে নিয়ে আসেন। এ সময় তার হাতে একটি প্ল্যাকার্ড ধরিয়ে দেওয়া হয়। সেখানে লেখা ছিল, ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’। শিক্ষার্থীরা তাকে প্ল্যাকার্ডে লেখা কথাটি বলতে বলেন। পাশাপাশি তারা ‘ডিসেম্বরে আসিস না, পিঠের চামড়া থাকবে না’ বলেও স্লোগান দেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, হলের কয়েকজন শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তাকে জানিয়ে আসছিলেন, নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা গোপনে হলে অবস্থান করছেন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে শিক্ষার্থীদের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ চান। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।

তিনি বলেন, ঘটনার দিন অর্ক রায় নামে এক শিক্ষার্থী তাকে ফোন করে জানান, একজন শিক্ষার্থীকে ধাওয়া করা হচ্ছে এবং তাকে মারধর করা হতে পারে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় দেখতে পান। তবে তার শরীরের দুয়েক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। পরে হল সুপার, প্রক্টরিয়াল টিমের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে আসেন।

প্রাধ্যক্ষ আরও বলেন, ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কিছু স্বীকার করেননি। পুলিশ তার শরীরে রক্তের চিহ্ন থাকার কারণ জানতে চাইলে অন্য শিক্ষার্থীরা জানান, ধাওয়া খেয়ে দৌড়ানোর সময় পড়ে গিয়ে তিনি আঘাত পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং রতন বলেন, ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিত জানি না। যতটুকু শুনেছি, জগন্নাথ হল প্রশাসন বিষয়টি থানায় জানিয়েছে। অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে প্রচলিত আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো আমি কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। হলের শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানতে পেরেছি।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে অর্ক সাহার নাম রয়েছে। অভিযোগ রয়েছে, ডিসেম্বরকে ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করতে তিনি নিয়মিত জগন্নাথ হলে যাতায়াত করতেন এবং ষড়যন্ত্রে জড়িত ছিলেন।