...|...|...

অপরাধ

ঢাবির জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ১০:০০
Shares
ঢাবির জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আটক অর্ক রায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক।

রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জগন্নাথ হলের একটি ক্যানটিন থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অর্ক রায় মাঝেমধ্যে জগন্নাথ হলে যাতায়াত করতেন। রবিবার বিকেলে ক্যানটিনে খাবার খাওয়ার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে দেখতে পান। পরে তাকে আটক করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল। তিনি বলেন, আটক ব্যক্তিকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন দেখবে। তিনি মাঝেমধ্যে হলে যাতায়াত করতেন বলে জানা গেছে।

প্রাধ্যক্ষ আরও জানান, ছাত্রলীগের পদধারী কারও নামে বর্তমানে হলে কোনো আসন বরাদ্দ নেই। তাদের সবার আসন আগেই বাতিল করা হয়েছে। হলের কোথাও কেউ অবৈধভাবে অবস্থান করছেন কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।

জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় বলেন, অর্ক রায় রাতে হলে লুকিয়ে থাকেন বলে তাদের কাছে তথ্য ছিল। রবিবার দিনের বেলায় তাকে ক্যানটিনে দেখতে পেয়ে আটক করা হয়।

এ ছাড়া সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক রায় জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন এই ছাত্রদল নেতা। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বিস্তারিত জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।