চট্টগ্রাম নগরের তিনপুলের মাথা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন দুর্বৃত্তের বিরুদ্ধে। তবে পুলিশ প্রাথমিকভাবে বলছে, ব্যবসায়িক বিরোধের জেরে ওই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার আওতাধীন তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী জাকির হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাকির হোসেনের রিয়াজউদ্দিন বাজারে একবার ব্যবহারযোগ্য ক্রোকারিজ পণ্যের দোকান রয়েছে।
আহত ব্যবসায়ীর দোকানের কর্মচারী মোহাম্মদ মানিক জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন জাকির হোসেন। তিনপুলের মাথা এলাকায় গাড়িতে ওঠার প্রস্তুতিকালে তিন থেকে চারজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তার সাথে থাকা পাঁচ লাখ টাকা নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত জাকির হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজন ব্যবসায়ীর নাম স্বজনেরা পুলিশকে জানিয়েছেন।
তবে হামলার সময় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানান ওসি।


