...|...|...

সারাদেশ

ওএমএস কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবেনা: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৭
Shares
ওএমএস কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবেনা: খাদ্যমন্ত্রী

ওএমএসের ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনে খাদ্যমন্ত্রী। ছবি: টাইমস টুডে

ওপেন মার্কেট সেল ( ওএমএস) কার্যক্রমে কোনো প্রকার দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। 

রবিবার (১ নভেম্বর) বিকাল ৩টার দিকে মানিকগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে ওএমএসের ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন , সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দিতে এ কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে কার্যক্রম পরিচালনায় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর। ওএমএস কার্যক্রমের সুবিধা যাতে প্রকৃত সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে জন্য স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

ওএমএসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন। শহীদ মিনার চত্বরের বিক্রয়কেন্দ্র থেকে প্রতিদিন ২০০ জন ক্রেতা এ সুবিধা পাবেন। এ কেন্দ্রে প্রতিদিন ১ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বরাদ্দ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার মোট ৯টি নির্ধারিত স্থানে ওএমএসের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।