...|...|...

সারাদেশ

বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ৯:৪০ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৩
Shares
বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তার অভিযোগ, অনশনের খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে চলে গেছেন স্বামী ও তার পরিবারের সদস্যরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে ইউসুফ আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অনশনরত সাদিয়া আক্তার মীম উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী মো. ইমদাদুল হক রিয়াদ (২৪) একই উপজেলার পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

সাদিয়ার দাবি, ২০২০ সালে রিয়াদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় ২০২৩ সালে দুজনের বয়স ১৮ বছর থাকাকালে তারা বিয়ে করেন। তবে রিয়াদের পরিবার ওই বিয়ে মেনে নেয়নি। পরে চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে ১৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে আবারও বিয়ের অঙ্গীকারনামা সম্পাদন করেন তারা।

সাদিয়ার অভিযোগ, গত এক মাস ধরে রিয়াদ তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। একপর্যায়ে বাধ্য হয়ে কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন তিনি। স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই তরুণী।

স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, দুপুরে মেয়েটি ছেলের বাড়িতে আসেন। পরে তাকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ছেলের মা-বাবা ঘরে তালা ঝুলিয়ে চলে যান। রাত হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

একই গ্রামের আব্দুস সালাম বলেন, মেয়েটির কাছে কাবিননামা রয়েছে। ছেলের সাথে দীর্ঘদিনের যোগাযোগের প্রমাণও সাথে নিয়ে এসেছেন তিনি। ছেলেটি মেয়েটিকে চাইলেও পরিবারের চাপে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে তার ধারণা।

স্থানীয়দের দাবি, দুজনই প্রাপ্তবয়স্ক। তাই তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে বিষয়টি সমাধান করা প্রয়োজন, যাতে তরুণীটির জীবন অনিশ্চয়তার মুখে না পড়ে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রিয়াদ ও তার পরিবারের সদস্যদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।