সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জৈন্তাপুরের মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ভারতীয় নাগরিক বাতিম তুতা ও টেম্পো।
বিজিবি জানায়, সীমান্তের ১২৮২/১০ এস ও ১২৮২/৯ এস পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন ওই দুই ব্যক্তি। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
পরে তাদের তল্লাশি করে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়।
আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


