...|...|...

সারাদেশ

বরযাত্রার হেলিকপ্টার দেখতে গ্রামবাসীর ভিড়

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ৯:১৭
Shares
বরযাত্রার হেলিকপ্টার দেখতে গ্রামবাসীর ভিড়

ছবি: টাইমস টুডে

মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া স্কুল মাঠে হেলিকপ্টার দেখতে সকাল থেকেই ভিড় করেন নানা বয়সী মানুষ। ছোট শিশু, স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী-পুরুষ থেকে শুরু করে বৃদ্ধরাও ছুটে আসেন হেলিকপ্টারটি একনজর দেখতে।

জানা যায়, উপজেলার চাপাতলা গ্রামের মো. মুরাদের বড় ছেলের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী নিয়ে ঝিনাইদহে যাওয়ার জন্য হেলিকপ্টারটি ভাড়া করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরকে নিয়ে আবারও এই হেলিকপ্টারে ফেরার কথা রয়েছে।

গ্রামাঞ্চলে সচরাচর হেলিকপ্টার দেখার সুযোগ না থাকায় স্থানীয়দের মধ্যে ছিল বাড়তি কৌতূহল। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের কাছে এটি ছিল ভিন্নধর্মী অভিজ্ঞতা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় করেন কানুটিয়া স্কুল মাঠে।

অনেকেই জীবনে প্রথমবারের মতো এত কাছ থেকে হেলিকপ্টার দেখার সুযোগ পেয়ে আনন্দে মেতে ওঠেন। হেলিকপ্টার ঘিরে শিশুদের উচ্ছ্বাস আর মানুষের কৌতূহলে পুরো মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

একটি বিয়ের আয়োজনকে কেন্দ্র করে হেলিকপ্টার এলেও তা স্থানীয় মানুষের কাছে হয়ে ওঠে আনন্দ ও কৌতূহলের বিশেষ উপলক্ষ।