মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের একটি বসতঘরে রহস্যজনক বিস্ফোরণে সাত মাসের শিশুসহ মা দগ্ধ হওয়ার ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিস্ফোরণের পর ঘরের গ্যাস সিলিন্ডার অক্ষত পাওয়া গেলেও বাড়ির মালিকের দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এ ঘটনা ঘটেছে। অন্যদিকে, স্থানীয়দের একাংশের দাবি, এটি বোমা বা ককটেলজাতীয় কোনো বিস্ফোরণ হতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের কানুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মালেক কাজীর ছেলে আক্তার কাজীর বসতঘরে এ ঘটনা ঘটে। এতে ওই ঘরের ভাড়াটিয়া রাশিদা বেগমের মেয়ে রুনা (২৭) ও তার সাত মাস বয়সী মেয়ে জান্নাত দগ্ধ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবপ্রবাসী আসলাম চোকদারের স্ত্রী রাশিদা বেগম (৪০) প্রায় দুই বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকেন। ঘটনার দুই দিন আগে তার মেয়ে রুনা সাত মাসের শিশুসন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার সময় রুনা শিশুটিকে কোলে নিয়ে ঘরে দুধ গরম করছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে টিনের ঘরের চালা উড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং ঘরের ভেতরের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এ সময় মা ও শিশুটি শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে। বাড়ির মালিক আক্তার কাজীর দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এ ঘটনা ঘটেছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে গ্যাস সিলিন্ডারটি অক্ষত অবস্থায় দেখা গেছে। ফলে সিলিন্ডার বিস্ফোরণের দাবি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
ঘটনার পরদিন ঢাকা থেকে বাড়িতে আসেন ঘরের মালিক আক্তার কাজী। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, বিস্ফোরণের খবর পেয়ে পরদিন বাড়িতে এসে তিনি ঘটনাস্থল দেখেছেন। তবে এটি ককটেল বিস্ফোরণ নয় বলেও দাবি করেন তিনি। তার বক্তব্যে বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে।
সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে চাইলে বাড়ির মালিক বিভিন্ন অজুহাতে বাধা দেন। তিনি জানান, ঘরের চাবি তার কাছে নেই। এমনকি ঘরটি কার কাছে ভাড়া দেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এবং ভাড়াটিয়াদের নামও তিনি জানাতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
আরেকটি উদ্বেগজনক বিষয় হলো, বিস্ফোরণের ঘটনা ঘটেছে শনিবার রাতে। কিন্তু প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান পরদিন সকালে। এ ছাড়া আহত দুজনের চিকিৎসা চললেও এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
খাসেরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সীতল চন্দ্র পাল জানান, ঘটনার পরদিন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হতো। তিনি আরও জানান, দুইজন আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।
তবে ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত না পাওয়ার অর্থ এই নয় যে বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া গেছে। এ জন্য প্রয়োজন যথাযথ তদন্ত ও বৈজ্ঞানিক পরীক্ষা।
সাংবাদিকেরা ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের সাথে কথা বলতে চাইলে অনেকেই এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে গোপন ক্যামেরায় ধারণ করা বক্তব্যে কয়েকজন স্থানীয় বাসিন্দা বিস্ফোরণের বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। তাদের একজন আব্দুর রশিদ বলেন, ‘আমরা শুনেছি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। কিন্তু এসে দেখি সিলিন্ডারটি অক্ষত অবস্থায় রয়েছে। তবে অনেক জোরে বিকট শব্দ হয়েছিল।’
স্থানীয় কয়েকজনের দাবি, বাঁশগাড়ী এলাকায় এর আগেও বিভিন্ন সময়ে ককটেল বা বিস্ফোরকজাতীয় বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোনো পক্ষের লোকজন ওই ঘরে বিস্ফোরক রেখেছিল কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন তারা। এমনকি ঘরটিতে বিস্ফোরক তৈরি বা সংরক্ষণের কোনো সরঞ্জাম ছিল কি না, সেটিও তদন্তের দাবি রাখে।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর এলাকার প্রভাবশালী হিসেবে পরিচিত রহমান হাওলাদার ও জামাল কাজী এলাকাছাড়া রয়েছেন। তাদের অনুসারী বা অন্য কোনো পক্ষের লোকজন এলাকায় প্রবেশ কিংবা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক মজুত বা ব্যবহারের সাথে জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের পক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—যে বাড়িতে প্রায় দুই বছর ধরে কোনো পুরুষ সদস্যের বসবাস নেই বলে জানা যাচ্ছে, সেই বাড়িতে কীভাবে বিস্ফোরকজাতীয় বস্তু এল? বিস্ফোরণের পরও গ্যাস সিলিন্ডার অক্ষত থাকল কেন? ঘরের মালিক ভাড়াটিয়াদের পরিচয় ও বিস্তারিত তথ্য জানাতে পারছেন না কেন? ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়নি কেন? আর মা ও শিশুসন্তান দগ্ধ হওয়ার পরও থানায় কোনো অভিযোগ করা হলো না কেন?
এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। স্থানীয়দের আশঙ্কা, ঘটনার পর রাতের আঁধারে ঘরের ভেতর থেকে বিস্ফোরকসংক্রান্ত কোনো আলামত সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে। যদিও এ আশঙ্কার সত্যতা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
সব মিলিয়ে, এটি গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা, নাকি বোমা বা ককটেলজাতীয় বিস্ফোরণ—তা নিয়ে রহস্য কাটেনি। আহত মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘরটি সুরক্ষিত রেখে বিস্ফোরণের অবশিষ্টাংশ সংগ্রহ, আলামত পরীক্ষা, ভাড়াটিয়াদের পরিচয় যাচাই এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


