লক্ষ্মীপুরে বিদ্যুৎ মিটার সংযোগের নামে ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে থাকা দফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এর আগে, লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের ঘুষ লেনদেনের একটি ভিডিও নিয়ে টাইমস টুডেতে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদারকি ও শৃঙ্খলা পরিদফতরের জারি করা আদেশে বলা হয়, বিদ্যুৎ সংযোগ ও মিটার প্রদান সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দফতরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতিতে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৮২-এর ১৪১ নম্বর বিধি অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা (Subsistence Allowance) পাবেন। পাশাপাশি নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ছাড়া তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।


