লক্ষ্মীপুরের রায়পুরে জমির দলিল জালিয়াতি, প্রতারণা ও জবরদখলের অভিযোগে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.বি.এম বারাকাত বিন জাকারিয়া মারুফসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন মামলার বাদী।
মঙ্গলবার (৩ নভেম্বর) লক্ষ্মীপুরের রায়পুর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন রায়পুর পৌরসভার মধুপুর এলাকার ইউসুফ ভূঁইয়া (৬১)। মামলায় প্রধান আসামি করা হয়েছে এ.বি.এম বারাকাত বিন জাকারিয়া মারুফকে (৩৯)। এছাড়া আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার মধুপুর মৌজার সিএস ৩৬ খতিয়ানভুক্ত ৩৩৭ দাগের ৮ দশমিক ৫০ শতাংশ জমির মালিকানা ও রেকর্ড নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বাদীর অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে জমির মালিকানা দাবি করে এবং দলিল ও রেকর্ডে অসংগতি সৃষ্টি করে। এ নিয়ে জমির মালিকানা দাবি ও দখল নিয়ে বিরোধ চলছিল।
এজাহারে আরও অভিযোগ করা হয়, গত ২৪ অক্টোবর ২০২৬ সকালে বিরোধপূর্ণ জমিতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ সময় বাদীপক্ষের লোকজন বাধা দিলে তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সাক্ষী ও প্রয়োজনীয় প্রমাণ রয়েছে বলেও মামলায় উল্লেখ করেছেন বাদী।
মামলায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(৩), ৭(২), ৫(২) ও ১৬ ধারাসহ দণ্ডবিধির ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বিবাদী এ.বি.এম বারাকাত বিন জাকারিয়া মারুফকে এবিষয়ে জানতে মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি।
এদিকে, মামলার প্রধান আসামি আইনজীবী হওয়ায় বাদীপক্ষ নিজেই মামলা পরিচালনার অনুমতি চেয়ে আদালতে বিশেষ আবেদন করেছেন। এ বিষয়ে আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন বাদী।


