...|...|...

সারাদেশ

চাচাকে হত্যার অভিযোগে ভাতিজাদের বাড়িঘরে আগুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:০৫
Shares
চাচাকে হত্যার অভিযোগে ভাতিজাদের বাড়িঘরে আগুন

ভাতিজাদের হামলায় চাচার মৃত্যুর পর তাদের বাড়িঘরে আগুন। ছবি: সংগৃহীত

শেরপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ভাতিজাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কুসুমহাটি কাজিরচর গ্রামে হামলার ঘটনা ঘটে। রাতে অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। নিহত জিন্নাত আলী ওই গ্রামের মৃত টন মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে জিন্নাত আলীর সাথে তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার বিকেলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জসিমসহ কয়েকজন জিন্নাত আলীকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন এবং ধাক্কা দেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে জিন্নাত আলীর মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ভাতিজাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’