মুন্সীগঞ্জে ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর রাত থেকে মোল্লাকান্দির নয়াকান্দি ও নতুন আমঘাটা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দিদার শিকদার (৪৫), পিতা মৃত জামাল শিকদার; সানি সর্দার (২৫), পিতা শহীদুল্লাহ সর্দার; বোরহান শিকদার (৪৭), পিতা কালা মিয়া শিকদার এবং দিদার ঢালী (৪৭), পিতা মনির হোসেন ঢালী।
আহতদের বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ইউনিয়নের ৪ থেকে ৫টি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফজরের নামাজের আগে থেকে নয়াজান্দি ও নতুন আমঘাটা গ্রামে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পর প্রতিপক্ষকে গ্রাম থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুই পক্ষের লোকজন নিরাপদ স্থানে অবস্থান নিয়ে থেমে থেমে ককটেল বিস্ফোরণ অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিমউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে।
তবে দুই পক্ষে কে বা কারা এ ঘটনার নেতৃত্ব দিচ্ছেন তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির দুই পক্ষে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে সংঘর্ষ বেঁধেছে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।


