...|...|...

সারাদেশ

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো যেসব কারখানা

আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৫
Shares
শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো যেসব কারখানা

ছবি: সংগৃহীত

শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে চলমান আন্দোলনে কারখানার উৎপাদন কার্যক্রম ও সার্বিক কর্মপরিবেশ মারাত্মকভাবে ব্যহত হওয়ায় নিউএইজ গ্রুপ, অরুণিমা গ্রুপ ও এমএম নীটওয়্যার লিঃ এর সকল কারখানা অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে । 

অরুনিমা গ্রুপের নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে সৃষ্ট শ্রমিক অসন্তোষ ও বেআইনিভাবে কর্মবিরতির কারণে কারখানাসমূহের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ও সার্বিক কর্মপরিবেশ মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১লা নভেম্বর হতে অরুনিমা গ্রুপের অধীন অরুনিমা স্পোর্টস ওয়্যার লিঃ, ডি এম সি এ্যাপারেলস লিঃ এবং ডি এম সি ওয়াশিং লিঃ এর শ্রমিকগণ নিজ নিজ কাজ কর্ম বন্ধ করে বসে থাকেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে উক্ত দিনগুলিতে কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হন।

উদ্ভূত পরিস্থিতি নিরসন এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একাধিকবার আলোচনা ও সমঝোতার উদ্যোগ গ্রহণ করেছেন এবং শ্রমিকদের কর্মস্থলে ফিরে কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন। তা সত্ত্বেও সকল শ্রমিক উৎপাদন কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। 

সর্বশেষ ১১ নভেম্বর ২০২৬ ইং তারিখেও কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বারবার তাদেরকে স্বাভাবিক কাজকর্ম শুরু করার জন্য বিভিন্ন ভাবে অনুরোধ করা সত্ত্বেও তারা অনীহা প্রকাশ করে নিজ নিজ কাজ কর্ম বন্ধ রাখেন এবং আনুমানিক সময় সকাল ৯.৪৭ মিনিটে সকল শ্রমিক কাজে যোগদান না করে হইচই করতে করতে কারখানা হতে বাহির হয়ে যায়। 

এ ধরনের পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম, অভ্যন্তরীণ কর্মপরিবেশ এবং সামগ্রিক পরিচালনা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়।

শ্রমিকদের এ ধরনের উদ্ভূত আচরণ ও কর্মকাণ্ড মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত, যা সম্পূর্ণভাবে বে-আইনি ধর্মঘটের শামিল। এই উদ্ভূত পরিস্থিতি ও কারখানার সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী ১২ নভেম্বর ২০২৬ ইং (বৃহস্পতিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য উপর্যুক্ত কারখানাসমূহ বন্ধ ঘোষণা করা হলো।

এমএম নীট ওয়্যার লিঃ নোটিশে অন্যায়ভাবে কর্ম বিরতি, কারখানার অভ্যন্তরে উশৃংখলভাবে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টির কারণ দেখিয়ে এবং কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে ১২ই নভেম্বর (বৃহস্পতিবার) হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেয় ।

এদিকে, চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নিউএইজ গ্রুপের অধিনস্থ আশুলিয়ায় অবস্থিত সকল কারখানাসমূহ গত ১০ নভেম্বর হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১৩(১) মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানাসমূহ বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।