...|...|...

জাতীয়

সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ৯:১৪
Shares
সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো ছবি

দেশে যেকোনো ধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্যের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

বৈঠকে তারেক রহমান বলেন, দেশে আইনশৃঙ্খলার জন্য হুমকি এবং দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সংসদ সদস্যদের সতর্ক থাকতে হবে এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ‘বার্তাটি স্পষ্ট- আমরা রাজপথে আছি এবং আমাদের রাজপথেই থাকতে হবে। রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ ক্ষেত্রে প্রচলিত আইন, বিধিবিধান ও রীতি অনুসরণ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে সভাপতিত্ব করেন তারেক রহমান।

বৈঠকে অংশ নেওয়া কয়েকজন সংসদ সদস্য জানান, আলোচনা শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য বিষয়টি উঠে আসে। পাশাপাশি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সতর্ক থাকা, দেশের সর্বত্র স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, সড়ক উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ এবং রমজানের আগে বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চান তারেক রহমান। সূত্রের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে সংসদীয় আসনগুলোতে উন্নয়ন বরাদ্দ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত উন্নয়নকাজে ব্যয়ের সুযোগ রাখার কথা বলা হয়েছে। এসব বরাদ্দ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের উন্নয়নকাজ করার বিষয়টিও আলোচনায় আসে।