জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান।
সোমবার (৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় এই সম্মেলনে নিজের প্রধান তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরে খলিলুর রহমান বলেন, প্যারিস চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন, পরিচ্ছন্ন জ্বালানি ও ক্ষতিকর গ্যাস নির্গমন হ্রাস করা তার প্রথম অগ্রাধিকার।
তার দ্বিতীয় অগ্রাধিকার হলো জলবায়ু অর্থায়ন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো (অভিযোজন), সহনশীলতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় সময়মতো ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেবেন তিনি।
মানবসম্পদ ও লোকালয় সুরক্ষাকে তৃতীয় অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করা এবং স্থানীয় কমিউনিটি সুরক্ষার মাধ্যমে মানুষের জীবন রক্ষা করাই মূল লক্ষ্য।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কপ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

