বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে চরম অভাব-অনটনে দিন কাটানো বৃদ্ধা ধনশৌ মার্মার পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) বান্দরবান জেলা শাখা। টাইমস টুডেতে পরিবারটির দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশের পর তাদের সহায়তায় এগিয়ে আসে সংগঠনটি।
পরিবারটির আয়-রোজগারের পথ তৈরি করতে ছোট একটি দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও ব্যবসার মালামাল তুলে দেওয়া হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য পরিবারটির জীবিকা নির্বাহের একটি ব্যবস্থা গড়ে তোলা।
বান্দরবান সদর উপজেলার হাফেজঘোনা এলাকার রুমা স্টেশনের ওপরে বননিবাস হিল রিসোর্টসংলগ্ন এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন ধনশৌ মার্মা। তার বৃদ্ধ স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তাদের ছেলে রুল হাই মার্মাও জন্ম থেকেই প্রতিবন্ধী। পরিবারের ভরণপোষণ ও চিকিৎসার খরচ জোগাতে না পেরে দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন ধনশৌ মার্মা।
সম্প্রতি টাইমস টুডেতে প্রকাশিত সংবাদে পরিবারটির দুর্দশার চিত্র উঠে আসে। সংবাদটি নজরে আসার পর তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় পিসিসিপি বান্দরবান জেলা শাখা।
এই সহায়তায় পরিবারটির জীবিকা নির্বাহের নতুন একটি সুযোগ তৈরি হয়েছে। তবে অসুস্থ স্বামীর চিকিৎসা, প্রতিবন্ধী সন্তানের দেখাশোনা এবং পরিবারের নিত্যপ্রয়োজন মেটাতে তাদের আরও সহযোগিতা প্রয়োজন।
পিসিসিপি বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

