...|...|...

রাজনীতি

যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:১৬
Shares
যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। লন্ডনে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্য এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। এ সফরে তার সাথে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে অবতরণ করেন নাহিদ ইসলাম। পরে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় যুক্তরাজ্য এনসিপির নেতারা তাকে অভ্যর্থনা জানান।

এর আগে গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের সফরের কর্মসূচি তুলে ধরেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

তিনি জানান, সফরে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সাথে বৈঠক করবেন নাহিদ ইসলাম। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সাথেও তার বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশেও বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহ তুলে ধরার পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ের পর বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়া যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময়কে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শুনবেন এনসিপি আহ্বায়ক।

আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে।