...|...|...

রাজনীতি

মানুষ কষ্টে থাকলেও এখনও তিন বেলা খেতে পারছে: সমাজকল্যাণমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪১
Shares
মানুষ কষ্টে থাকলেও এখনও তিন বেলা খেতে পারছে: সমাজকল্যাণমন্ত্রী

ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নানা সংকটের মধ্যেও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়েছে। এ পরিস্থিতিতে মানুষ কষ্টে থাকলেও এখনও তিনবেলা খেতে পারছে।

তিনি বলেন, মানুষের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধবিহারে আয়োজিত আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ওই সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। একপর্যায়ে ক্ষমতাচ্যুত হয়ে তাদের দেশ ছাড়তে হয়েছে। তারা দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান দেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন। সরকার সে অনুযায়ী কাজ করে যাচ্ছে।

সামাজিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ঐক্য অটুট রেখে সব ধরনের ষড়যন্ত্র ও উসকানি মোকাবিলা করতে হবে। যারা অন্যায় ও অপরাধ করেছেন, তাদের আইনের আওতায় আনতে হবে। এ দেশ আইনের শাসনে চলে। যে যতটুকু অন্যায় করবেন, তাকে ততটুকু শাস্তি ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, কোনো এলাকার উন্নয়ন করতে হলে সেখানে বসবাসকারী কোনো জনগোষ্ঠীকে বাদ দেওয়া যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসী, সাঁওতাল, চাকমা, মারমা, গারো, হাজংসহ সব শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে। সবাইকে নিয়ে এগিয়ে গেলেই মিঠাপুকুরের সামগ্রিক উন্নয়ন সম্ভব।

কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী।