সৌদি সরকার যুদ্ধের জন্য আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পাশে থেকে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সৌদি আরবের মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ঘোষণা দিচ্ছি, সৌদি আরবের পাশে সারা পৃথিবীর ২০০ কোটি মুসলমান রয়েছে। আমরা অপেক্ষায় আছি। সৌদি সরকার যুদ্ধের জন্য আহ্বান করলে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান তাদের পাশে থেকে যুদ্ধ করতে প্রস্তুত।
অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার হারাম শরিফে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। তখন বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল, যারা হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের উৎখাত করেছিল। সে সময় বাংলাদেশ যেমন সৌদি আরবের পাশে ছিল, আজও ইনশাআল্লাহ পাশে রয়েছে।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে জাতিসংঘের মাধ্যমে হুথিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, যুদ্ধের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা সৌদি আরবে হামলা করেছে, তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাসের উদ্দেশে খেলাফত আন্দোলনের আমির বলেন, আপনারা বাংলাদেশের সব মুসলমানকে পাশে পাবেন। প্রয়োজন হলে বিশ্ব ঐক্যের আহ্বান করুন, সারা পৃথিবীকে আপনাদের সাথে পাবেন।
সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।


