সৌদি আরবে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে রিয়াদে ব্রিটিশ দূতাবাস এবং জেদ্দায় ব্রিটিশ কনস্যুলেট জেনারেল। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সতর্ক করে বলা হয়েছে, হামলা প্রতিহত করার পর আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষই সবচেয়ে বড় ঝুঁকির কারণ হতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক মাধ্যমে প্রকাশিত একাধিক পরামর্শে ব্রিটিশ নাগরিকদের বলা হয়েছে, আশ্রয় নেওয়ার নির্দেশ পেলে দ্রুত ঘরের ভেতরে যেতে এবং নিরাপদ স্থাপনার মধ্যে অবস্থান করতে। খবর গালফ নিউজের।
দূতাবাসের পরামর্শ অনুযায়ী, ভবনের ভেতরের সিঁড়িঘর কিংবা এমন কক্ষ তুলনামূলক নিরাপদ, যেখানে বাইরের দেয়াল ও জানালা কম। একই সাথে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব লক্ষ্য করে হুতিদের হামলা বেড়ে যাওয়ার মধ্যেই এই সতর্কতা জারি করা হলো। চলতি সপ্তাহে রিয়াদের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পূর্বাঞ্চলে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং মক্কা অঞ্চলের একটি গ্রামে প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে।
অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও সৌদি আরবে অতি প্রয়োজনীয় না হলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। একই সাথে ইয়েমেন সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।
এফসিডিও জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ও প্রতিরক্ষা স্থাপনা, সামরিক ঘাঁটি, বন্দর এবং জ্বালানি অবকাঠামোয় হামলার ঝুঁকি বেড়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচলও ঝুঁকিতে রয়েছে।
আরও বিমানবন্দর লক্ষ্য করে হামলা হতে পারে এবং এর কারণে ফ্লাইটে বিঘ্ন ও বাতিলের ঘটনা ‘খুবই সম্ভাব্য’ বলে সতর্ক করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।
সৌদি আরব থেকে বের হতে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে দেশটির কোনো বিমানবন্দর থেকে সরাসরি উড়োজাহাজে যাওয়ার বদলে স্থলপথে প্রতিবেশী দেশে গিয়ে সেখান থেকে ফ্লাইট নেওয়ার বিকল্পও বিবেচনা করতে বলা হয়েছে।
হামলার ছবি ধারণ বা শেয়ার না করার পরামর্শ
সৌদি সিভিল ডিফেন্সের সতর্কতার সাথে সামঞ্জস্য রেখে সংঘাতসংক্রান্ত কোনো ঘটনা, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য বা আঘাতের স্থান ছবি বা ভিডিওতে ধারণ এবং শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, এ ধরনের ছবি বা ভিডিও ধারণ কিংবা ছড়িয়ে দিলে সৌদি আইনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
ভিসার মেয়াদ অতিক্রম না করার সতর্কতা
সৌদি আরবে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের ভিসার মেয়াদ কোনোভাবেই অতিক্রম না করার কথাও মনে করিয়ে দিয়েছে দূতাবাস।
ভিসার মেয়াদ পেরিয়ে গেলে বড় অঙ্কের জরিমানা, আটক ও বহিষ্কারের মুখে পড়তে হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।
সৌদি সরকারের সরকারি ‘KSA Visa’ প্ল্যাটফর্মে গিয়ে ভিসার বর্তমান অবস্থা যাচাই করা যাবে।
এ ছাড়া সর্বশেষ নিরাপত্তা ও ভ্রমণসংক্রান্ত তথ্য পেতে এফসিডিওর ট্রাভেল অ্যাডভাইস অ্যালার্টে নিবন্ধনের পরামর্শ দেওয়া হয়েছে ব্রিটিশ নাগরিকদের।


