সৌদি আরবকে সামরিক সহায়তার প্রকাশ্য প্রতিশ্রুতি দেওয়ার অনেক আগেই দেশটিতে সেনা ও সামরিক বিমান মোতায়েন করেছিল মিশর। একই সাথে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের কৌশলগত বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয় বলে মিশরীয় সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মিডল ইস্ট আই।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে মোতায়েন করা মিশরীয় বাহিনীর সাথে ছিল রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান। নাম প্রকাশ না করার শর্তে এক মিশরীয় সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি পরিচয় প্রকাশ করেননি।
সূত্রটি আরও জানায়, মিশরের নৌবাহিনীর যুদ্ধজাহাজও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে যুক্ত করা কৌশলগত বাব আল-মান্দাব প্রণালীর কাছাকাছি এসব জাহাজ মোতায়েন করা হয়।
ইয়েমেনের হুতি হামলার কারণে লোহিত সাগরের জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে মিশরের উদ্বেগ বাড়ার মধ্যেই এসব নৌ-তৎপরতার খবর সামনে এসেছে।
এর আগে গত আগস্টে বাব আল-মান্দাব প্রণালীর কাছে নৌ উপস্থিতি বাড়িয়েছিল মিশর। তখন আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথে মোতায়েনের খবরও প্রকাশিত হয়।
গত মাসে আল জাজিরা আরবির ওপেন সোর্স অনুসন্ধানী ইউনিটও জানিয়েছিল, ফ্লাইট-ট্র্যাকিং তথ্য বিশ্লেষণে সৌদি আকাশসীমায় মিশরের বিমানবাহিনীর দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান শনাক্ত করা হয়।
এসইউ-বিএআই ও এসইউ-বিইডব্লিউ নিবন্ধন নম্বরের ওই দুটি বিমানকে প্রথমে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের আকাশে শনাক্ত করা হয়। পরে সেগুলোর সংকেত অদৃশ্য হয়ে যায়।


