শ্রীলংকায় এক ট্যুর গাইডকে নৌকা থেকে সাগরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইসরায়েলি পর্যটকের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি নৌকায় কয়েকজন পর্যটক বসে আছেন। তাদের পাশে থাকা এক ট্যুর গাইড পানি পান করছিলেন। এ সময় হঠাৎ এক পর্যটক তাকে ধাক্কা দিলে তিনি নৌকা থেকে সাগরে পড়ে যান।
ট্যুর গাইড পানিতে পড়ে যাওয়ার পর নৌকায় থাকা কয়েকজনকে হাসতে শোনা যায়। অন্যদেরও ঘটনাটি উপভোগ করতে দেখা যায়। এ সময় ওই গাইডকে সাগরের পানিতে ভাসতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই পর্যটকদের আচরণের নিন্দা জানিয়ে বলেন, ঘটনাটিকে নিছক মজা হিসেবে দেখার সুযোগ নেই।
সমালোচকেরা বলেন, দায়িত্ব পালনরত স্থানীয় একজন কর্মীর সাথে এমন আচরণ অসম্মানজনক। কোনো সতর্কতা ছাড়াই একজন মানুষকে সাগরে ফেলে দেওয়ার পর নৌকায় থাকা ব্যক্তিদের হাসাহাসি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
অনেকের মতে, ওই গাইড এতে আহত হতে পারতেন, আতঙ্কিত হয়ে পড়তে পারতেন কিংবা তার সাথে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র হারাতে পারতেন।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একটি অংশ বলছেন, এই ঘটনা কিছু পর্যটকের মধ্যে স্থানীয় গাইড ও সেবাকর্মীদের বিনোদনের অংশ হিসেবে দেখার প্রবণতাও সামনে এনেছে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নিতে স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ট্যুর অপারেটরের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকে।
ঘটনাটি শ্রীলংকার পর্যটন খাত নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। দেশটির অর্থনীতি অনেকটাই পর্যটননির্ভর। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত পর্যটকদের কেউ কেউ বলেছেন, অধিকাংশ পর্যটক সম্মানজনক আচরণ করলেও এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা শ্রীলংকার পর্যটন গন্তব্য হিসেবে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সাথে স্থানীয় ট্যুর গাইড ও সেবাকর্মীদের কাজের পরিবেশও কঠিন হয়ে উঠতে পারে।
তবে এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের হয়েছে কি না বা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভিডিওটি ঠিক কখন ও কোথায় ধারণ করা হয়েছে, সেটিও স্পষ্ট নয়।
সাগরে পড়ে যাওয়ার পর ওই ট্যুর গাইডের শারীরিক অবস্থা কেমন ছিল, সে বিষয়েও ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি তার কাছে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন।


