হুমকি কিংবা নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। বার্তাটি ইরানের তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত হয়েছে।
বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান ওয়াহিদি।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, একই চেতনা ধারণ করে তারা এখন পাহাড়ের গভীরে ও মাটির নিচে দেশের সামরিক শক্তি গড়ে তুলছেন।
ওয়াহিদি আরও বলেন, শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মোগাদ্দামের দেখানো পথ হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করা যাবে না। তার ভাষায়, এই পথ রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে এগিয়ে যাবে।
এ ছাড়া আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ এবং মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
একই সাথে ইরানের সামরিক সক্ষমতা আরও জোরদার করতে বাহিনীর সদস্যদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান আইআরজিসি প্রধান।


