ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর অনুসন্ধান ও তল্লাশি অভিযান শেষ করেছে সিভিল ডিফেন্সের দলগুলো। এই হামলায় হাসপাতালটির অন্তত ছয় ফিলিস্তিনি নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, গাজার অন্যতম বৃহৎ এই হাসপাতালের দ্বিতীয় তলায় আকস্মিক এ হামলা চালানো হয়। দক্ষিণ গাজার অন্তত পাঁচ লাখ মানুষ এই চিকিৎসাকেন্দ্রের ওপর নির্ভরশীল।
হামলায় নিহত ও আহত ব্যক্তিদের অধিকাংশই রোগী। তাদের অনেকেরই পরদিন অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা বা হাসপাতাল খালি করার নির্দেশ ছাড়াই এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, গত কয়েক বছরে হাসপাতালটিতে এটি সপ্তম দফার হামলা। এর আগে ২০২৫ সালের ২৫ আগস্টও এই হাসপাতালে দুই দফা হামলায় চার সাংবাদিকসহ অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। চিকিৎসাকেন্দ্রের মতো সুরক্ষিত স্থানে বারবার এমন হামলা সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

