যুক্তরাষ্ট্র আবারও ইরানে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যের বাইরেও পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযানে ব্যবহৃত হলে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং দূরবর্তী দ্বীপের সামরিক স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে পরিচয় দেওয়া মহসিন রেজায়ি এ হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিক্রিয়া শুধু প্রতিবেশী অঞ্চলের মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজনে ইউরোপের মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও আঘাত হানা হতে পারে।
দূরবর্তী দ্বীপে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোও নিরাপদ থাকবে না বলে সতর্ক করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় নিজেদের ভূখণ্ড বা ঘাঁটি ব্যবহারের সুযোগ দেবে, সেসব স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান।
এমনকি ইরানে হামলার উদ্দেশ্যে কোনো মার্কিন যুদ্ধবিমান যে ঘাঁটি থেকেই উড্ডয়ন করুক না কেন, সেটিকে হুমকি হিসেবে দেখা হবে বলে জানান রেজায়ি।
রেজায়ি আরও দাবি করেন, ক্রেমলিনে এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে জানিয়েছিলেন, ইরানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা উৎখাত করা সম্ভব নয় বলে তিনি যুক্তরাষ্ট্রকে বলেছেন। তবে পুতিনের কথিত বক্তব্যটি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ইউরোপের যেসব সামরিক স্থাপনার নাম আলোচনায়
ইরানের কট্টরপন্থি সংবাদপত্র কায়হান সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে সাইপ্রাস, গ্রিস, রোমানিয়া, আলবেনিয়া, ইতালি ও যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন ও ন্যাটো সামরিক স্থাপনার কথা উল্লেখ করেছে। তালিকায় ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটির নামও রয়েছে।
তবে এসব স্থাপনায় হামলা চালানোর আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা করেনি তেহরান।
২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। নতুন হুঁশিয়ারিতে পাল্টা হামলার সম্ভাব্য ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছেন দেশটির কর্মকর্তারা।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে প্রকাশিত এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীকে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা হামলার প্রস্তুতি নিতে বলা হয়। দেশটির সেনাবাহিনীর মুখপাত্রও সতর্ক করেছেন, নতুন সংঘাত পশ্চিম এশিয়ার বাইরে ছড়িয়ে পড়তে পারে।
ইরানের ক্ষেপণাস্ত্র কি ইউরোপে পৌঁছাতে পারবে?
ইরানের হুঁশিয়ারি বাস্তবায়নের সামরিক সক্ষমতা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, ইরানের প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার। কিছু সংস্করণের পাল্লা তিন হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে।
যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মূল্যায়ন অনুযায়ী, তাত্ত্বিকভাবে যুক্তরাজ্যের মতো দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা সম্ভব হলেও ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা, ওয়ারহেডের সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অতিক্রম করা বড় চ্যালেঞ্জ।
ফলে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিলেও ইরান বাস্তবে কত দূর পর্যন্ত সামরিক অভিযান পরিচালনা করতে পারবে, তা এখনো নিশ্চিত নয়।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এএফপি।

