বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন কাঠামোয় দেশটির ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। একই সাথে আবেদন ফরমে তথ্য পূরণের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতেই এই পরিবর্তন আনা হচ্ছে। ২০২৫ সালের অক্টোবরে ভিসার শ্রেণিবিন্যাস পুনর্বিন্যাসের কাজ শুরু হয়। নতুন নীতি চূড়ান্ত করার আগে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ডও পর্যালোচনা করেছে সরকার।
পর্যটক ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
নতুন ব্যবস্থায় প্রচলিত পর্যটক ভিসার নাম বদলে ‘ভিজিটর ভিসা’ করা হয়েছে। শুধু ভ্রমণ নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম, চিকিৎসা এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক স্বল্পমেয়াদি কোর্সও এর আওতায় থাকবে।
ভিজিটর ভিসা হবে দুই ধরনের—ভি-১ ও ভি-২। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা, ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, হস্তশিল্প ও যোগব্যায়াম কোর্সেও অংশ নেওয়া যাবে।
ভি-২ ভিসা হবে দীর্ঘমেয়াদি। যোগ্যতা অনুযায়ী এর মেয়াদ এক, পাঁচ অথবা ১০ বছর হতে পারে। ভি-১-এর সব সুবিধার পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে। এ ক্ষেত্রে ছয় মাস মেয়াদি মাল্টিপল এন্ট্রি সুবিধাও রাখা হয়েছে।
চিকিৎসা ভিসার মেয়াদ এক বছর
চিকিৎসা ভিসার কাঠামোও নতুনভাবে সাজানো হয়েছে। আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষভিত্তিক চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে।
উভয় ধরনের ভিসা এবং ই-ভিসার মেয়াদ সাধারণভাবে এক বছর হবে এবং একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। এম-১ ভিসাধারীর সাথে যাওয়া ব্যক্তিদের জন্য এম-২ এবং এম-৩ ভিসাধারীর সঙ্গীদের জন্য এম-৪ ভিসা থাকবে।
ভারত সরকারের আশা, এতে দীর্ঘমেয়াদি চিকিৎসা, ফলোআপ ও পুনরায় পরীক্ষার জন্য যাতায়াতকারী বিদেশি রোগীদের বারবার নতুন করে ভিসার আবেদন করতে হবে না। এটি ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবেও দেখা হচ্ছে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য পৃথক ব্যবস্থা
শিক্ষার্থী ভিসা এস-১ ও এস-২—দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এস-১-এর আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা থাকবে।
এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণায় যুক্ত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারীদের।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা কোর্সের মেয়াদ পর্যন্ত—যেটি কম—ই-এস১ ভিসা পেতে পারেন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
ব্যবসায়িক ভিসায়ও নতুন কাঠামো
ব্যবসায়িক ভিসা বি-১ ও বি-২—দুই ভাগে সাজানো হয়েছে। বি-১ ভিসা দীর্ঘমেয়াদি ব্যবসা ও ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশিদের জন্য।
বি-২ ভিসা স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কাজের জন্য। এর মধ্যে উৎপাদন, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত।
ভারতীয় প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। কারখানা স্থাপন ও চালু করা, মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা ও কারিগরি সহায়তার মতো কাজ এ ব্যবস্থার আওতায় থাকবে।
এসব পেশাজীবী বি-২ শ্রেণির অধীনে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক ভিসা পেতে পারেন। ই-ভিসার মাধ্যমেও আবেদন করা যাবে। আগে এটি ই-বি৪ নামে পরিচিত ছিল।
১৭২ দেশের নাগরিকদের ই-ভিসা সুবিধা
বর্তমানে ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ভারতের ই-ভিসা দেওয়া হয়। ১৭২টি দেশের নাগরিক এ সুবিধা পান।
নতুন কাঠামো কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হতে পারে।
নতুন ব্যবস্থায় ভিসার প্রধান ৯টি শ্রেণি হবে—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ও তাদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশিদের নির্ভরশীল সদস্য, অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তি এবং ভারতে অবস্থানের ভিসা প্রত্যাশী আফগান নাগরিকেরা অন্তর্ভুক্ত থাকবেন। প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থাও এ শ্রেণির মধ্যে থাকবে।


