সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সুন্দরী নারীদের প্রতি আকর্ষণের বিষয়টি নিজের আত্মকথায় তুলে ধরেছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ২০০০ সালে ক্লিনটনের ভারত সফরের একটি অনুষ্ঠানের স্মৃতিচারণা করতে গিয়ে তার মন্তব্য, ‘স্বভাব যায় না মলে’।
সদ্য প্রকাশিত আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও রাজপরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেছেন সোনিয়া। সেখানে ক্লিনটনের পাশাপাশি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং ব্রিটিশ রাজপরিবারের প্রিন্সেস ডায়ানাকে নিয়েও লিখেছেন তিনি।
ক্লিনটনের দিকে নজর ছিল সোনিয়ার
যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে ২০০০ সালে ভারত সফর করেন তিনি। ওই সফরে মেয়ে চেলসি ক্লিনটনও তার সাথে ছিলেন।
সোনিয়া লিখেছেন, দিল্লির মৌর্য শেরাটন হোটেলে ক্লিনটনের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টকে বন্ধুত্বপূর্ণ, আত্মবিশ্বাসী ও সহজ-সরল আচরণের মানুষ হিসেবে মনে হয়েছিল তার। তবে অন্যের বক্তব্য শোনার তুলনায় নিজের মতামত তুলে ধরতেই ক্লিনটন বেশি আগ্রহ দেখিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
সেই আলোচনায় কাশ্মীর পরিস্থিতি নিয়েও কথা বলেছিলেন ক্লিনটন। অঞ্চলটিকে পারমাণবিক সংঘাতের সম্ভাব্য কেন্দ্র হিসেবে উল্লেখ করে বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থান বলে মন্তব্য করেছিলেন তিনি।
তবে সোনিয়ার স্মৃতিচারণায় সবচেয়ে আলোচিত অংশটি এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানের বর্ণনায়।
সোনিয়া জানান, মনিকা লিউনস্কিকে ঘিরে ক্লিনটনের কেলেঙ্কারির আলোচনা তখন অনেকটাই স্তিমিত হয়ে এসেছিল। কিন্তু অভ্যর্থনা অনুষ্ঠানে তার আচরণ পর্যবেক্ষণ করে সোনিয়ার মনে হয়েছিল, পুরোনো অভ্যাস সহজে বদলায় না।
আত্মকথায় তিনি লিখেছেন, ‘স্বভাব যায় না মলে’।
অনুষ্ঠানে উপস্থিত সুন্দরী নারীদের দিকে ক্লিনটন মাঝেমধ্যে আড়চোখে তাকাচ্ছিলেন বলে উল্লেখ করেন সোনিয়া। এ প্রসঙ্গে তার প্রশ্ন, ‘পুরোনো স্বভাব কি অত সহজে যায়?’
সারকোজির প্রেম ও নৈশভোজের গল্প
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে নিয়েও ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।
২০০৮ সালে ভারত সফরে এসেছিলেন সারকোজি। তবে সে সময় তার সঙ্গিনী কার্লা ব্রুনি সফরসঙ্গী হননি। তাদের বিয়ে না হওয়ায় সরকারি অনুষ্ঠানে বিব্রতকর পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সে সময় আলোচনা ছিল।
সোনিয়ার বর্ণনায়, সফরের একটি নৈশভোজে সারকোজির পাশে বসেছিলেন ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারির স্ত্রী। তিনি ফরাসি প্রেসিডেন্টের কাছে তার বিয়ের পরিকল্পনা নিয়ে একের পর এক প্রশ্ন করেন।
কবে বিয়ে করবেন, দিনক্ষণ ঠিক হয়েছে কি না এবং কার্লাকে মিস করছেন কি না- এসব প্রশ্নও ছিল সেই আলোচনায়।
তবে সারকোজি এতে অস্বস্তিতে পড়েননি। বরং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন। একই সাথে মুঠোফোনে কার্লাকে বারবার বার্তা পাঠাচ্ছিলেন তিনি।
কয়েক বছর পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আয়োজিত আরেকটি ব্যক্তিগত নৈশভোজে সারকোজির সাথে সোনিয়ার দেখা হয়। তত দিনে কার্লা ব্রুনিকে বিয়ে করেছেন ফরাসি প্রেসিডেন্ট।
সেই অনুষ্ঠানে কার্লার সৌন্দর্য, মার্জিত পোশাক ও সংযত আচরণের প্রশংসা করেছেন সোনিয়া। অন্যদিকে সারকোজির কথাবার্তা তার কাছে কিছুটা উদ্ধত মনে হয়েছিল।
সোনিয়ার পর্যবেক্ষণ, ভারতের কী করা উচিত, তা নিয়ে মনমোহন সিংকে একের পর এক পরামর্শ দিচ্ছিলেন সারকোজি। অথচ তার সামনে বসা ব্যক্তি বয়স, অভিজ্ঞতা ও জ্ঞানের দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ- বিষয়টি যেন তিনি বিবেচনায় নিচ্ছিলেন না।
প্রিন্সেস ডায়ানার বিষণ্নতার স্মৃতি
ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের সাথে গান্ধী পরিবারের দীর্ঘদিনের সম্পর্কের কথাও আত্মকথায় তুলে ধরেছেন সোনিয়া। বিশেষ করে প্রিন্সেস ডায়ানাকে নিয়ে তার স্মৃতিচারণায় উঠে এসেছে ব্যক্তিগত আবেগ ও সহানুভূতি।
সোনিয়া জানান, রাজীব গান্ধীর সাথে প্রিন্স চার্লসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে তার কাছে ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন ডায়ানা।
১৯৮১ সালে চার্লস ও ডায়ানার বিয়ের অনুষ্ঠানে রাজীব গান্ধীর সাথে উপস্থিত ছিলেন সোনিয়া। নববধূ ডায়ানার সৌন্দর্য ও ব্যক্তিত্ব তার মনে গভীর ছাপ ফেলেছিল।
কিন্তু ১৯৯২ সালে চার্লস ও ডায়ানার ভারত সফরের সময় তাদের সম্পর্কের টানাপোড়েন সোনিয়ার নজর এড়ায়নি।
তাজমহলের সামনে একটি বেঞ্চে একা বসে ডায়ানার তোলা বিখ্যাত ছবিটির কথাও বইয়ে উল্লেখ করেছেন তিনি। বেঞ্চটিকে সোনিয়া অভিহিত করেছেন ‘প্রেমের বেঞ্চ’ হিসেবে।
সেদিন বিকেলে চার্লস ও ডায়ানা গান্ধী পরিবারের বাড়িতে চা খেতে গিয়েছিলেন। সোনিয়ার স্মৃতিতে চার্লস ছিলেন প্রাণবন্ত ও রসিক। বিপরীতে ডায়ানাকে কিছুটা বিষণ্ন মনে হয়েছিল তার।
উজ্জ্বল লাল ও বেগুনি রঙের পোশাকে ডায়ানাকে অপূর্ব দেখাচ্ছিল বলে উল্লেখ করেছেন সোনিয়া। ভারত সফরে তার অভিজ্ঞতা এবং ভালো লাগার বিষয়গুলো নিয়েও দুজনের কথা হয়েছিল।
সেই সময় সোনিয়ার মা ভারতে অবস্থান করছিলেন। ডায়ানার সাথে দেখা করার ব্যাপারে তার বিশেষ আগ্রহ ছিল। সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কাও চাইছিলেন, তার নানির সাথে ব্রিটিশ রাজকুমারীর পরিচয় হোক।
বিশ্বনেতাদের সাথে এসব ব্যক্তিগত সাক্ষাৎ ও কথোপকথনের মধ্য দিয়ে নিজের রাজনৈতিক ও পারিবারিক জীবনের নানা অজানা মুহূর্ত তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

