ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে অন্যতম জনপ্রিয়, প্রভাবশালী এবং মানবতাবাদী সদস্য প্রয়াত প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো গাউনটি (রিভেঞ্জ ড্রেস) প্রায় ৩০ বছর পর আবারও নিলামে উঠতে যাচ্ছে। বিখ্যাত এ পোশাকটির মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার। পোশাকটিকে ডায়ানার আত্মবিশ্বাস ও স্বাধীনতার প্রতীক হিসেবে ভাবা হয়। দ্য ওয়াশিংটন পোস্ট সূত্রে জানা গেছে।
গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানের নকশা করা কালো রঙের অফ-দ্য-শোল্ডার সিল্কের এ বিশেষ গাউনটি ১৯৯৪ সালে ভ্যানিটি ফেয়ার আয়োজিত এক অনুষ্ঠানে পরেছিলেন লেডি ডায়ানা স্পেন্সার (প্রিন্সেস ডায়না)। ওই রাতেই ডায়ানার সাবেক স্বামী এবং তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লস প্রকাশ্যে স্বীকার করেন যে, তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। এর পর থেকেই ডায়ানার ওই পোশাকটি পরিচিতি পায় ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ নামে।
এ বছর ৯ ডিসেম্বর নিউইয়র্কে সোথবির আয়োজনে বিশেষ ফ্যাশন নিলামে পোশাকটি তোলা হবে। এটি হবে প্রিন্সেস ডায়ানাকে কেন্দ্র করে আয়োজিত একটি স্বতন্ত্র ফ্যাশন নিলামের অন্যতম প্রধান আকর্ষণ।
নিলামকারী সংস্থা সোথবির ভাষ্য অনুযায়ী, ‘রিভেঞ্জ ড্রেস’ বিংশ শতাব্দীর সবচেয়ে স্মরণীয় ও পরিচিত ফ্যাশন মুহূর্তগুলোর একটি। পোশাকটি পরা ডায়ানার ছবি বিশ্বজুড়ে গণমাধ্যমে অসংখ্যবার প্রকাশিত হয়েছে।
সোথবির জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ শুরু হওয়ারও আগে এবং তারকাদের ছবি মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হওয়ার আগে ডায়ানা একটি গাড়ি থেকে নেমেই যেন একটি ‘ভাইরাল ফ্যাশন মুহূর্ত’ তৈরি করেছিলেন।
নিউইয়র্কে নিলামে ওঠার আগে প্রিন্সেস ডায়ানার ঐতিহাসিক পোশাকটি লন্ডন, হংকং ও জেনেভায় প্রদর্শন করা হবে বলে জানিয়েছে ফ্যাশন ম্যাগাজিন ভোগ।


