...|...|...

বিশ্ব

প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, রাত ২:২৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:১৫
Shares
প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই

প্রয়াত ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানা। ছবি: সংগৃহীত

প্রয়াত ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার জীবন ও মৃত্যুর রহস্য নিজের দৃষ্টিকোণ থেকে তুলে ধরে নতুন বই লিখেছেন তার ভাই চার্লস স্পেন্সার। ডায়ানার মৃত্যুর ৩০তম বার্ষিকীকে সামনে রেখে মঙ্গলবার (১৮ আগস্ট) বইটির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। বোনকে নিয়ে ছড়ানো নানা অসত্য ধারণা দূর করাই এই বইয়ের মূল উদ্দেশ্য বলে জানান চার্লস।

প্রকাশনা সংস্থা ‘পেনগুইন র‍্যান্ডম হাউস’ এক বিবৃতিতে জানিয়েছে, বোন ডায়ানাকে নিয়ে আরল স্পেন্সার বিস্তারিতভাবে এবারই প্রথম প্রকাশ্যে মুখ খুলছেন। ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ শিরোনামের বইটি আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে ১২টি ভাষায় প্রকাশিত হবে।

বইটি লেখা প্রসঙ্গে ৬২ বছর বয়সী চার্লস স্পেন্সার বলেন, ডায়ানার প্রয়াণের তিন দশক পূর্তিতে গণমাধ্যমের একের পর এক প্রশ্নের মুখে নিজের স্মৃতিকথা লিখে রাখার সিদ্ধান্ত নেন তিনি। স্পেন্সারের মতে, ডায়ানাকে নিয়ে প্রচলিত অনেক ধারণাই মিথ্যার ওপর প্রতিষ্ঠিত, যা কালক্রমে সত্য হিসেবে রূপ নিয়েছে। ভাই হিসেবে বোনের জীবনের আসল সত্য ফুটিয়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

১৯৯৭ সালের আগস্টে প্যারিসে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বোনকে বিদায় জানানোর দিন চার্লস স্পেন্সার কথা দিয়েছিলেন, ভাগ্নে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির পাশে তিনি আজীবন থাকবেন।

তিন দশক ধরে রাজপরিবারে নানা জটিলতা ও দুই রাজপুত্রের দূরত্বের মধ্যেও স্পেন্সার দুজনের সাথেই সুসম্পর্ক ধরে রেখেছেন। চলতি বছরের জুলাইয়ের শুরুতে হ্যারি ও মেগান মার্কেল তাদের সন্তান নিয়ে সেন্ট্রাল ইংল্যান্ডের আলথর্পে স্পেন্সারের পৈতৃক বাসভবনে গিয়ে ডায়ানার সমাধি দর্শন করেন।

স্পেন্সার আশা করছেন, ডায়ানাকে যারা হৃদয়ে লালন করেন এবং যাদের তার বর্ণিল জীবন দেখার সুযোগ হয়নি, সেই তরুণ প্রজন্মের কাছে ‘সোয়ান সং’ বিশেষ বার্তা পৌঁছে দেবে।