যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর আগের অবস্থায় আর কখনোই হরমুজ প্রণালি ফিরবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
তার দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথের ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে ওমানের সাথে সমঝোতায় পৌঁছেছে তেহরান। একই সাথে সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের সামনে সাত দফা শর্ত তুলে ধরেছে ইরান।
বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন।
সাক্ষাৎকারে ইরানের স্পিকার জানান, আট মাসের সংঘাত অবসানে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে ওমানের সাথে এই সমঝোতা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, সেখানে কোনো আন্তর্জাতিক উন্মুক্ত জলসীমা নেই এবং ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রণালির ভেতরের নিয়মকানুন নির্ধারিত হবে এর দুই তীরবর্তী দেশের আইন অনুযায়ী।
কাতারভিত্তিক মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের সাত দফা অবস্থান স্পষ্ট করা হয়েছে জানিয়ে গালিবাফ বলেন, এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত কোনো দাবি না তোলে এবং আগে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবেই চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাব বলে মন্তব্য করেন তিনি।
ইরানের প্রধান আলোচকের তুলে ধরা শর্তগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা। গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল এসব দাবি।
রাশিয়ার মধ্যস্থতার প্রসঙ্গ টেনে গালিবাফ জানান, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
এ ছাড়া ইরানে নতুন করে মার্কিন হামলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এমন কিছু হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন এবং আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের রাজনৈতিক চাপের মুখে পড়বেন।
ইয়েমেন ও হুথিদের সংঘাত নিয়েও কথা বলেন ইরানের পার্লামেন্ট স্পিকার। তিনি জানান, ইয়েমেনের সরকার ও সৌদি আরব উভয় পক্ষ সহায়তা চাইলে তেহরান সংঘাত নিরসনে সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

