বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। শীত মৌসুমের শুরুতেই রোগটির প্রকোপ মারাত্নক আকারে বৃদ্ধি পায়। প্রতি বছর রোগটিতে প্রাণ হারায় বহু শিশু। প্যাথমিক পর্যায়ে রোগের শুরুর দিকে অনেক সময় সাধারণ সর্দি-কাশির মতো মনে হওয়ায় সহজেই বোঝা কষ্টসাধ্য হয়ে ওঠে। বিশেষ করে শীতপ্রবণ চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমে এলে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে।
তাই আসন্ন শীত মৌসুমে শিশুদের নিউমোনিয়া প্রতিরোধ ও দ্রুত রোগ শনাক্তের বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। চিকিৎসকদের মতে, সময়মতো রোগ শনাক্ত করে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে এসব মৃত্যুর বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব। কিন্তু প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয়ের সীমাবদ্ধতা,বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব,প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি এবং স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এখনো বড় চ্যালেঞ্জ।
এমন বাস্তবতায় আশার আলো দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর স্মার্ট স্টেথোস্কোপ। শিশুর বুকের শব্দ বিশ্লেষণ করে ফুসফুসের অস্বাভাবিকতা শনাক্তে চিকিৎসককে সহায়তা করতে পারে এই প্রযুক্তি। বাংলাদেশেও হয়েছে এ নিয়ে গবেষণা। গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টস এ প্রকাশিত হয়েছে।
যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেছে প্রজনন ও স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (প্রজন্ম), যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। তবে প্রযুক্তিটি কতটা নির্ভরযোগ্য,দেশের স্বাস্থ্যসেবায় কতটা কাজে আসবে এবং জাতীয় পর্যায়ে প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।
বছরে প্রায় ২৪ হাজার শিশুর মৃত্যু
বাংলাদেশ উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী দেশের মোট শিশু মৃত্যুর প্রায় ১৮ শতাংশই ঘটে নিউমোনিয়ায়। দেশে প্রতি ঘণ্টায় ২ থেকে ৩টি শিশু নিউমোনিয়ায় মারা যায়,বছরে যার সংখ্যা প্রায় ২৪ হাজার এবং হাসপাতালে ভর্তি হয় ৬ লাখ ৭৭ হাজার শিশু। এছাড়া ইউনিসেফের তথ্যমতে, বিশ্বে প্রতি ৩৯ সেকেন্ডে একটি শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায়।
গ্রাম ও উপজেলা পর্যায়ে প্রায় ৯৫ শতাংশ হাসপাতালেই রোগটির চিকিৎসার সুব্যবস্থা ও উপকরণের সংকট রয়েছে। এর ফলে সংক্রমণের শিকার পাঁচ বছরের কম বয়সি শিশুদের মাত্র ৪২ শতাংশকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় এবং ৩৪ শতাংশ শিশুকে কোনো পরীক্ষা ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অক্সিজেন মাপার যন্ত্রের সংকট ও অভিভাবকদের অসচেতনতায় গত পাঁচ বছর ধরে মৃত্যুর হার একই রয়েছে।
অন্যদিকে, বড়দের ক্ষেত্রেও ঝুঁকি কম নয়। ৬৫ বছরের বেশি বয়সি সিওপিডি রোগীদের নিউমোকোক্কাল নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সুস্থ মানুষের চেয়ে ৭.৭ গুণ এবং হাঁপানি রোগীদের ক্ষেত্রে ৫.৯ গুণ বেশি। এছাড়া ৫০ বছরের বেশি বয়সিদের বছরে ১৬ লাখ মৃত্যুর জন্য বায়ু দূষণ ও ধূমপান দায়ী। বিশেষজ্ঞদের মতে, দ্রুত রোগ নির্ণয়, সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং গ্রামে নবজাতককে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার বাড়ানোর মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব।
এমন বাস্তবতায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে পালিত হচ্ছে " বিশ্ব নিউমোনিয়া দিবস" এবছরের প্রতিপাদ্য হলো - নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ"
নিউমোনিয়া শনাক্তে নতুন সম্ভাবনা
যৌথভাবে গবেষণা বলছে, প্রচলিত স্টেথোস্কোপে চিকিৎসক শিশুর বুকের শব্দ শুনে ফুসফুসের অবস্থা বোঝার চেষ্টা করেন। তবে এ ক্ষেত্রে চিকিৎসকের অভিজ্ঞতা ও শব্দ শনাক্ত করার দক্ষতা গুরুত্বপূর্ণ। ডিজিটাল স্টেথোস্কোপে বুকের শব্দ রেকর্ড করে সংরক্ষণ করা যায়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদম সেই শব্দ বিশ্লেষণ করে ফুসফুসের অস্বাভাবিকতা শনাক্তে সহায়তা করতে পারে। ফুসফুসে ক্র্যাকলস বা হুইজের মতো অস্বাভাবিক শব্দ থাকলে প্রযুক্তিটি তা চিহ্নিত করতে পারে।
এসব শব্দ নিউমোনিয়াসহ বিভিন্ন শ্বাসতন্ত্রের সমস্যার সঙ্গে সম্পর্কিত। তবে শুধু অস্বাভাবিক শব্দ পাওয়া মানেই নিউমোনিয়া নিশ্চিত হওয়া নয়। এআইয়ের বিশ্লেষণকে চিকিৎসকের পরীক্ষা ও অন্যান্য ক্লিনিক্যাল তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে হয়।
তারা বলছে, জেলা বা উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা থাকলে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহার করে শিশুর বুকের শব্দ রেকর্ড করা সম্ভব হতে পারে। পরবর্তী সময়ে সেই শব্দ বিশ্লেষণ করে ঝুঁকির সম্ভাব্য সংকেত পাওয়া গেলে শিশুটিকে দ্রুত চিকিৎসকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে।
শিশুদের নিউমোনিয়া নির্ণয় ও চিকিৎসায় এআই এবং ডিজিটাল স্টেথোস্কোপের কার্যকারিতা নিয়ে বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ উপজেলায় গবেষণা হয়েছে। নয়টি কমিউনিটি ক্লিনিকে সর্দি-কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে আসা ৯৯০ শিশুকে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ৮৬৭ শিশুর বুকের শব্দ বিশ্লেষণের উপযোগী মানের ছিল।
অর্থাৎ প্রায় ৮৭ দশমিক ৬ শতাংশ শিশুর ক্ষেত্রে মানসম্মত রেকর্ডিং করা সম্ভব হয়। গবেষণায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) মাত্র তিন দিনের প্রশিক্ষণ দিয়ে ডিজিটাল স্টেথোস্কোপ ব্যবহারের উপযোগী করে তোলা হয়। অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসক নন, এমন স্বাস্থ্যকর্মীদের মাধ্যমেও প্রযুক্তিটি মাঠপর্যায়ে ব্যবহার করা সম্ভব কি না,সেটি ছিল গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
গবেষণায় মিলেছে মাঝারি মাত্রার নির্ভুলতা
গবেষণার ফলাফল অনুযায়ী, এআই অ্যালগরিদমটি অস্বাভাবিক ফুসফুসের শব্দ শনাক্তে ৬১ দশমিক ৮ শতাংশ সংবেদনশীলতা এবং ৬০ দশমিক ৭ শতাংশ নির্দিষ্টতা দেখিয়েছে। গবেষণায় অংশ নেওয়া ৮৬৭ শিশুর মধ্যে ৩৮৯ জনের ক্ষেত্রে আইএমসিআই নির্দেশিকা অনুযায়ী নিউমোনিয়া শনাক্ত হয়েছিল। তবে প্রযুক্তিটির কার্যকারিতা এখনো মাঝারি পর্যায়ের।
মাঠপর্যায়ে শিশুদের কান্নাকাটি, নড়াচড়া এবং পরিবেশগত কোলাহলের কারণে বুকের শব্দ রেকর্ড ও বিশ্লেষণে কিছু সীমাবদ্ধতা দেখা যায়। এর ফলে কিছু ক্ষেত্রে ভুল সংকেত বা অতিরিক্ত ইতিবাচক ফলাফল আসার প্রবণতাও ছিল।
গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হচ্ছে- গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত এবং অক্সিজেনের ঘাটতিতে থাকা শিশুদের এতে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে গুরুতর রোগীর ক্ষেত্রে প্রযুক্তিটি কতটা কার্যকর হবে,তা এ গবেষণার ফলাফল দিয়ে নিশ্চিত হওয়া যায় না। গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমান অবস্থায় এ প্রযুক্তিকে এককভাবে নিউমোনিয়া নির্ণয় কিংবা অ্যান্টিবায়োটিক দেওয়ার সিদ্ধান্তের ভিত্তি হিসেবে ব্যবহার করা উচিত নয়। বরং চিকিৎসকদের সহায়ক প্রযুক্তি হিসেবে এর ব্যবহার,অ্যালগরিদমের উন্নয়ন এবং বৃহত্তর পরিসরে আরও যাচাই প্রয়োজন।
প্রান্তিক স্বাস্থ্যসেবায় রোগ শনাক্তের সীমাবদ্ধতা
গ্রামাঞ্চল ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোর দিকে তাকালে নিউমোনিয়া শনাক্ত ও চিকিৎসার বেশ কিছু সীমাবদ্ধতা দেখা যায়। বিশেষ করে শিশু বিশেষজ্ঞের স্বল্পতা, প্রয়োজনীয় ডায়াগনস্টিক সুবিধার অভাব এবং রোগীর তুলনায় স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম হওয়ায় দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞের পদ শূন্য থাকে কিংবা প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম থাকেন। ফলে বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে গিয়ে প্রতিটি শিশুকে পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা করা কঠিন হয়ে পড়ে।
এর পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি, অক্সিজেন সরবরাহের সীমাবদ্ধতা এবং জরুরি চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়। প্রত্যন্ত এলাকার কোনো শিশুর শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে অনেক সময় দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যায় না। ফলে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়। আবার সাধারণ সর্দি-কাশি ভেবে শ্বাসকষ্টের লক্ষণকে অবহেলা করা কিংবা প্রশিক্ষণহীন ব্যক্তির পরামর্শে চিকিৎসা নিতে গিয়ে শিশুর অবস্থা গুরুতর হওয়ার ঝুঁকি থাকে।
যেভাবে কাজে আসতে পারে
দেশের দক্ষিণ শীতপ্রবণ অঞ্চল এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শীতের সময় শিশুদের শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি মোকাবিলায় প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো জরুরি। এসব অঞ্চলের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা থাকলে ডিজিটাল স্টেথোস্কোপ সহায়ক ভূমিকা রাখতে পারে। যেমন- পঞ্চগড় বা চুয়াডাঙ্গার কোনো প্রত্যন্ত এলাকার একটি শিশু জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কমিউনিটি ক্লিনিকে এসেছে। সেখানে স্বাস্থ্যকর্মী ডিজিটাল স্টেথোস্কোপ দিয়ে শিশুর বুকের শব্দ রেকর্ড করলেন। এআই অ্যালগরিদম সেই শব্দ বিশ্লেষণ করে অস্বাভাবিকতার সম্ভাব্য সংকেত দিল। তখন স্বাস্থ্যকর্মী শিশুটিকে দ্রুত চিকিৎসকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারেন।
প্রয়োজনে রেকর্ড করা শব্দ ইন্টারনেটের মাধ্যমে দূরের কোনো হাসপাতালের শিশু বিশেষজ্ঞের কাছেও পাঠানো যেতে পারে। এতে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকর্মীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।
তবে প্রযুক্তিটি বাস্তবে কাজে লাগাতে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্র সরবরাহ, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, সফটওয়্যার ব্যবহারের সক্ষমতা, বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি যন্ত্রের রক্ষণাবেক্ষণ,সফটওয়্যার হালনাগাদ, তথ্যের গোপনীয়তা এবং ব্যবহারের ব্যয়ও বিবেচনায় নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রযুক্তির মাধ্যমে কোনো শিশুর ঝুঁকি শনাক্ত হওয়ার পর তার পরবর্তী চিকিৎসা কোথায় এবং কীভাবে হবে,সেই কার্যকর ব্যবস্থা থাকা।
বিশেষজ্ঞদের মত
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পেডিয়াটিক্স বিভাগের অধ্যাপক ডা. এ এস এম আতিকুর রহমান টাইমস টুডেকে বলেন, যদি এমন কোনো যন্ত্র বা ডিভাইস (স্টেথোস্কোপ) থাকে যার মাধ্যমে খুব সহজে এবং দ্রুত ফাইবারেশন বা লক্ষণ দেখে নিউমোনিয়ার মতো রোগ বা জটিলতা আর্লি ডিটেকশন করা যায় তবে তা চিকিৎসা ব্যবস্থার জন্য এবং বিশেষ করে জুনিয়র ডাক্তারদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী ও উপকারী হবে।
শিশুমৃত্যুর অন্যতম প্রধান ঘাতক নিউমোনিয়া উল্লেখ করে তিনি বলেন, ব্যাকটেরিয়া ও ভাইরাসের পাশাপাশি বর্তমানে হামের প্রকোপে শিশুদের নিউমোনিয়া মারাত্মক আকার ধারণ করেছে। আমাদের শিশু হাসপাতালেই প্রায় ৪ হাজার শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে,যার বর্তমানে ভর্তি থাকা প্রায় শতভাগেরই মূল সমস্যা নিউমোনিয়া। টিকা ও সচেতনতার কারণে সাধারণ নিউমোনিয়া কিছুটা কমলেও অ্যাডেনোভাইরাসের মতো অনেক ভাইরাসের ভ্যাকসিন নেই। হাম বা মিজলস থেকে সেকেন্ডারি ইনফেকশন হয়ে জটিলতা বাড়ে। এসব রোগীর চিকিৎসায় সাধারণ ওষুধের পাশাপাশি ইনজেকটেবল অ্যান্টিবায়োটিক অত্যন্ত জরুরি। দ্রুত রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার চিকিৎসকদের জন্য সহায়ক হবে।
এই বিশেষজ্ঞর মতে, নিউমোনিয়া প্রতিরোধে শিশুর ইমিউনিটি বাড়াতে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বা মায়ের দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। প্রতিরোধযোগ্য টিকাগুলোর ব্যবহার বাড়ানোর পাশাপাশি অল্প বয়সে বিয়ে রোধ ও মায়ের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে। এছাড়াও, খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে হাইব্রিড বা ব্রয়লার মুরগির পরিবর্তে প্রাকৃতিক, অর্গানিক খাবার ও কাঁচা শাকসবজি খাওয়ার অভ্যাস করতে হবে। এছাড়া বাচ্চার প্রতি যত্নবান হতে হবে, চিকিৎসকদের পরামর্শ মানতে হবে, নিয়মিত ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা আরও বাড়াতে হবে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন টাইমস টুডেকে বলেন, রোগী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর বিশেষায়িত চিকিৎসার ওপর নির্ভর করার চেয়ে রোগটি যেন জটিল পর্যায়ে না পৌঁছায় সেজন্য প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত।
শ্বাসতন্ত্রের তীব্র সংক্রমণ ও নিউমোনিয়াজনিত মৃত্যুহার কমিয়ে আনতে তিনি শিশুদের সময়মতো জাতীয় টিকাদান কর্মসূচি নিশ্চিত করা, সুষম পুষ্টির মাধ্যমে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো এবং বায়ুদূষণ ও ঘরের ভেতরের ধোঁয়া নিয়ন্ত্রণের পরামর্শ দেন।
পাশাপাশি স্থানীয় পর্যায়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে সক্রিয় রাখা এবং উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করার মাধ্যমেই নিউমোনিয়ার মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে জনস্বাস্থ্যকে সুরক্ষিত রাখা সম্ভব বলে তিনি মত দেন।

