ফিলিপাইনে অনুষ্ঠেয় আসন্ন ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সামরিক সরকারের শীর্ষ নেতাদের অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে কার্যকর থাকা নিষেধাজ্ঞাই বহাল রাখছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান।
বুধবার (১১ নভেম্বর) ফিলিপাইনের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ১৫ থেকে ১৭ নভেম্বর ম্যানিলায় অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন ও উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে মিয়ানমারের সামরিক নেতৃত্ব অংশ নিতে পারবে না। দেশটির প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসিয়ানবিষয়ক বিভাগের মহাপরিচালক।
মিয়ানমারের গণতন্ত্রপন্থী অধিকারকর্মী এবং প্রগ্রেসিভ ভয়েস মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা খিন ওমার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বার্তা সংস্থা ইরাবতীকে বলেন, জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের জন্য সম্মেলনে কোনো জায়গা নেই—এমন আনুষ্ঠানিক নিশ্চয়তাকে তারা স্বাগত জানাচ্ছেন।
খিন ওমারের মতে, মিন অং হ্লাইংকে আমন্ত্রণ জানানো হলে মিয়ানমারের জনগণের প্রতি আসিয়ানের দায়িত্ব ও জোটটির বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ত। তিনি আরও উল্লেখ করেন, চলতি মাসেই আন্তর্জাতিক আদালতে গণহত্যাসংক্রান্ত একটি মামলার রায়ের মুখোমুখি হওয়ার কথা রয়েছে জান্তাপ্রধানের।
আসিয়ানের এই অবস্থান এমন সময় নিশ্চিত করা হলো, যখন দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো মিয়ানমারের সামরিক সরকারকে বৈধতা না দেওয়ার জন্য জোটটির প্রতি আহ্বান জানাচ্ছিল। তাদের অভিযোগ, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা আরও বাড়িয়েছে জান্তা।


