...|...|...

রাজনীতি

জামায়াত আমিরের বক্তব্য নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:১৫
Shares
জামায়াত আমিরের বক্তব্য নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বলেছেন, ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াতের আমির সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে ফালতু বলতে পারতেন না।’

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতের আমির জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেন, রাশেদ খাঁন ফালতু হয়ে গেছে। মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াতের আমির সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে ফালতু বলতে পারতেন না। তিনি এ ধরনের অসংযত শব্দচয়ন করছেন, আবার নিজেকে আইন প্রণেতা হিসেবে দাবি করেন। বিশাল মার্জিত রাজনৈতিক দল নাকি এটা।’

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় এনসিপি ও জামায়াতের কয়েকজন সদস্যের আচরণের সমালোচনাও করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

তিনি বলেন, ‘গতকাল আপনারা দেখেছেন যে, সংসদে কীভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বেয়াদবি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য যে সময় রাখতে যাবেন, তার সাথে এনসিপি এবং জামায়াতের কতিপয় সদস্য যে ধরনের বেয়াদবি করেছে, এই বেয়াদবি জাতীয় সংসদের মতো জায়গায় চলে না।’

রাশেদ খাঁন বলেন, জামায়াতের কয়েকজন সংসদ সদস্যকে বারবার বসার অনুরোধ করা হলেও তারা বসেননি। অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদপুষ্ট হয়ে তারা সংসদ সদস্য হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এমপি হয়ে এদের ক্ষমতার জোর এমনভাবে তারা দেখাতে চাচ্ছে যে মনে হচ্ছে এরাই বুঝি ক্ষমতায় আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে সময় বেয়াদবি করছে, বিএনপির বা বিএনপির জোটের যারা এমপি ছিলেন, তারা চাইলে কি পাল্টা বেয়াদবি করতে পারতেন না? বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, বিএনপি অত্যন্ত সহনশীল।’

বিএনপির সহনশীলতার কারণেই জামায়াত ও এনসিপির কয়েকজন সংসদ সদস্যের আচরণ সহ্য করতে হচ্ছে বলে দাবি করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, গত দিনের সংসদ অধিবেশনের দৃশ্য দেখলে বিএনপি কতটা সহনশীলতার সাথে রাষ্ট্র পরিচালনা করছে, তা বোঝা যাবে।