...|...|...

সোশ্যাল মিডিয়া

রাজুকে ব্লেইম দিয়ে অপদস্থ করা হয়েছে, আমরা তার সাথে আছি: রাশেদ খাঁন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:০২
Shares
রাজুকে ব্লেইম দিয়ে অপদস্থ করা হয়েছে, আমরা তার সাথে আছি: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির সাথে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। একই সাথে সাংবাদিককে অপদস্থ করার ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে ব্লেইম দিয়ে অপদস্থ করা হয়েছে আমি এই ঘটনাটির তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। আমরা রাজুর সাথে আছি, ইনশাল্লাহ।’

পোস্টে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় নুরুল হক নুরের দেওয়া একটি বক্তব্যের পেছনের ঘটনা তুলে ধরেন তিনি। রাশেদ খাঁন লেখেন, আদালতে নেওয়ার সময় নুরুল হক নুরকে লিফটে তোলার মুহূর্তে রাজু তাকে প্রশ্ন করেছিলেন, ‘নুর ভাই আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে?’

জবাবে নুরুল হক নুর বলেছিলেন, ‘শেখ হাসিনার ৯০% পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দাও।’ রাজুর প্রশ্নের পর ধারণ করা ওই ভিডিও সমকালের ফেসবুক পেজে প্রকাশিত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।

তিনি আরও লেখেন, ওই বক্তব্যের পেছনে রাজুর ভূমিকা অনেকের জানা নেই। রাজুর পেশাগত দক্ষতা ও ব্যক্তিগত আচরণের প্রশংসা করে তার সাংবাদিকতা জীবনের সফলতা কামনা করেন রাশেদ খাঁন। একই সাথে সাম্প্রতিক ঘটনায় তাকে দায়ী করে অপদস্থ করার নিন্দা জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) গ্রেফতারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান চিত্রনায়িকা পরীমনি। জামিনের পর আদালত চত্বর থেকে বের হওয়ার সময় এক গণমাধ্যমকর্মীর সাথে তার বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর দিকে তেড়ে যাওয়া, গালিগালাজ এবং তার ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এক সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হন পরীমনি। তাকে বলতে শোনা যায়, ‘তুই আমার গায়ে হাত দিলি কেন?’ এরপর ওই সাংবাদিকের দিকে বারবার হাত উঁচিয়ে এগিয়ে যান তিনি।

সাংবাদিক ওই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কেন আপনার গায়ে হাত দেব?’ এ সময় তিনি পরীমনিকে প্রশ্ন করেন, ‘আপনি আমার ট্রাইপড ভেঙে দিলেন কেন?’ ভিডিওতে পরীমনির সাথে থাকা আরেক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি টেনে হাত ছিঁড়ে ফেলছেন।’

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণের পর পরীমনির জামিন মঞ্জুর হয়।