সৌদি আরবের পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের সুবিধায় চালু রয়েছে বিশেষ ‘তাসহিল কার্ড’। এই কার্ডের মাধ্যমে জরুরি প্রয়োজনে সাময়িকভাবে মসজিদের বাইরে গেলেও পরে পুনরায় ভেতরে প্রবেশের সুযোগ পান মুসল্লিরা।
প্রতি শুক্রবার মসজিদে নববিতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। একপর্যায়ে মসজিদের অভ্যন্তরের নামাজের স্থান পূর্ণ হয়ে গেলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।
এতে আগে থেকেই মসজিদের ভেতরে থাকা কোনো মুসল্লি ওজু বা অন্য জরুরি প্রয়োজনে বাইরে গেলে আবার প্রবেশ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এই সমস্যার সমাধানে মুসল্লিদের জন্য ‘তাসহিল কার্ড’ দেওয়া হয়। মসজিদের ভেতরে অবস্থানরত কেউ সাময়িক প্রয়োজনে বাইরে যাওয়ার আগে নির্ধারিত স্থান থেকে কার্ডটি সংগ্রহ করতে পারেন।
পরে মসজিদের প্রবেশপথে ওই কার্ড দেখালে সাধারণ প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকলেও তাকে পুনরায় ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
এর ফলে ওজু বা অন্য জরুরি কাজে বাইরে গেলেও আগে থেকে নেওয়া নামাজের স্থান হারানোর আশঙ্কা অনেকটাই কমে যায়।
জুমার দিনে বিপুল ভিড়ের মধ্যে প্রবেশব্যবস্থা নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বজায় রাখা এবং মুসল্লিদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


