ইসলামি বক্তা জাকির নায়েকের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে ভারত সরকার। একই সাথে তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফের ওপরও নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফের ওপর থাকা নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। তারও আগে ২০১৬ সালে প্রথমবার জাকির নায়েক ও তার সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার।
জাকির নায়েককে দীর্ঘদিন ধরেই খুঁজছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। তার বিরুদ্ধে তহবিলের অপব্যবহারসহ একাধিক অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০২০ সাল থেকে ভারতে জাকির নায়েকের ভাষণ ও জনসমক্ষে তার বক্তব্য প্রচারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।
ভারত সরকার আগেও দাবি করেছে, জাকির নায়েকের বক্তৃতা ও তার সংস্থার কার্যক্রম দেশটির নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে জাকির নায়েক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।


