কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে যোগাযোগ, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের পর শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টার পর তাকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।
পরে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগের পক্ষে দুটি সুনির্দিষ্ট বার্তা পাওয়া গেছে। এসব বার্তার ভিত্তিতে প্রাথমিক ফৌজদারি মামলা করা হয়েছে।
ডিআইজি বলেন, একটি বার্তায় আগামী ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাওয়া এবং আগের সরকারকে পুনর্বাসনের কথা বলা হয়েছে। অন্য বার্তায় ডিসেম্বর মাসে জীবন বাজি রেখে সবাইকে মাঠে নামার আহ্বান জানানো হয়।
বার্তা দুটি একই ব্যক্তির সাথে, নাকি আলাদা ব্যক্তির সাথে কথোপকথনের মাধ্যমে পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। বিষয়গুলো তদন্তাধীন উল্লেখ করে ডিআইজি বলেন, তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
এজাহারের বরাত দিয়ে সিএমপির এক পুলিশ কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণের মাঠে নামার প্রসঙ্গ ছিল। এতে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার কথাও উল্লেখ করা হয়। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তাকে জিজ্ঞাসাবাদ করেন। সেদিন তার ব্যক্তিগত ও দাফতরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রতিবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানো হয়েছে। সেখান থেকে নিয়ম অনুযায়ী পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ রাখা ব্যক্তিরা চট্টগ্রামের স্থানীয় নেতা, নাকি জাতীয় পর্যায়ের নেতা-এমন প্রশ্নের জবাবে ডিআইজি বিষয়টিকে সংবেদনশীল উল্লেখ করে মন্তব্য করতে রাজি হননি।
এ ছাড়া হালিশহরে তার কর্মস্থলে অন্য কোনো পুলিশ কর্মকর্তা বা ব্যক্তি এ কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা ও ফৌজদারি আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
কবে থেকে এ ধরনের যোগাযোগ শুরু হয়েছিল এবং কত দিন ধরে কথোপকথন চলছিল, সে বিষয়েও বিস্তারিত তথ্য দেননি ডিআইজি। তিনি বলেন, এজাহারে উল্লেখিত তথ্যের বাইরে তদন্তের স্বার্থে এ মুহূর্তে অতিরিক্ত কিছু বলা সম্ভব নয়।
মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে। তদন্তে অভিযোগগুলো যাচাই করে পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


