রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবির তেজগাঁও বিভাগের একটি দল তাকে আটক করে। পরে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
লিটন মাহমুদের গ্রেফতারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে কী ধরনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ডিবির এই কর্মকর্তা। গ্রেফতার অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, লিটন মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজি ও কিশোর গ্যাংকেন্দ্রিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বুধবার আদালতে হাজির করার কথা থাকলেও নির্ধারিত সময়ের পর পৌঁছানোয় তাকে সেদিন আদালতে নেওয়া সম্ভব হয়নি।
পুলিশের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার ফুটপাত, ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট ও পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিদের একাধিক তালিকা তৈরি করে ডিএমপি। এসব তালিকায় মোহাম্মদপুর এলাকার চাঁদাবাজ হিসেবে লিটন মাহমুদের নাম রয়েছে।
সর্বশেষ ডিএমপির তৈরি ৫৪৫ জন চাঁদাবাজের তালিকায় তেজগাঁও বিভাগের ১৫৫ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদপুর এলাকার অভিযুক্ত হিসেবে লিটন মাহমুদের নামও রয়েছে।
ডিএমপির একটি তালিকায় উল্লেখ করা হয়েছে, মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের খেলার মাঠসংলগ্ন এলাকায় দোকান বসিয়ে চাঁদা আদায় করতেন লিটন মাহমুদ। প্রতিটি দোকান থেকে ৩০০ থেকে ৪০০ টাকা এবং অবৈধ বিদ্যুৎ-সংযোগের জন্য দোকানপ্রতি আরও ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কাজে জসিম, শামীম, মামুন ও রনিসহ কয়েকজন সহযোগিতা করতেন বলেও তালিকায় উল্লেখ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে গ্রেফতার অভিযানে অংশ নেওয়া ডিবির এক কর্মকর্তা বলেন, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৈরি চাঁদাবাজির একাধিক তালিকার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তালিকাভুক্ত অন্যদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
ডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা, জেনেভা ক্যাম্প, কৃষি মার্কেট এবং কয়েকটি বেসরকারি হাসপাতাল থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে লিটন মাহমুদের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন বলে জানিয়েছে সূত্রটি।
এ ছাড়া মোহাম্মদপুর এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা ও সরাসরি সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জেনেভা ক্যাম্পকেন্দ্রিক বিভিন্ন অপরাধের সাথেও তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি।
ডিবির তথ্য অনুযায়ী, চাঁদাবাজি, সহিংসতা ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার অভিযোগে মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন থানায় লিটন মাহমুদের বিরুদ্ধে অন্তত ১৭টি মামলার তথ্য পেয়েছে তারা। এর বাইরে কয়েকটি রাজনৈতিক মামলার তথ্যও রয়েছে।


