...|...|...

রাজধানী

ছাত্রলীগ নেতাকে ধরতে বারে ঢুকতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের তিন নেতা-কর্মী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ১:৪৮ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:৩৮
Shares
ছাত্রলীগ নেতাকে ধরতে বারে ঢুকতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের তিন নেতা-কর্মী

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনায় ছাত্রদলের তিনজন আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বারের ভেতর থেকে ছাত্রলীগের দুই নেতাকে আটক করে। এ ছাড়া বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত-এমন অভিযোগে বুধবার রাতে তাকে আটক করেন ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী। এ সময় তার মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন তারা এবং পুলিশকে খবর দেন। একপর্যায়ে সুমন তাদের কাছ থেকে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান।

পরে কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মী সুমনকে ছেড়ে দেওয়ার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। খবর পেয়ে সুমনকে ছাড়াতে সেখানে আসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা। ছাত্রদলের নেতা-কর্মীরা তাকেও আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে বারের ভেতরে আশ্রয় নেন।

এরপর ছাত্রদলের নেতা-কর্মীরা বারের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব এবং ছাত্রদল নেতা আকাশ আহত হন। তাদের মাথায় আঘাত লাগে।

পুলিশ জানায়, ছাত্রদলের প্রায় ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী বারের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের প্রবেশপথ বন্ধ করে দেন। পরে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বারের ভেতরে অভিযান চালিয়ে রাজা ও সুমনকে আটক করা হয়। পাশাপাশি বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ।

আহত ছাত্রদল নেতা মোতাহার হোসেন বলেন, ছাত্রলীগ নেতা সুমন ও রাজাকে আটক করতে তারা সেখানে গিয়েছিলেন। সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ তাদের কাছে রয়েছে। এ কারণে তারা তাকে আটক করার চেষ্টা করেন। তবে বারের নিরাপত্তাকর্মীদের মারধরে তিনিসহ তাদের তিনজন আহত হয়েছেন। তারা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার বিষয়ে রাত পৌনে একটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, এ ঘটনায় ছাত্রলীগের দুই নেতা, কয়লা বারের ম্যানেজারসহ ৮ থেকে ৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে ঘেরাও করে রেখেছেন। তাদের পক্ষ থেকে মামলা বা লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।