রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে রাজু মিয়া (৩২) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, রাজু মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজারে। তিনি সৌদি আরবপ্রবাসী। প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন। দুই থেকে তিন দিন আগে পল্টনের একটি আবাসিক হোটেলে ওঠেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে সজিব নামে এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন।
এসআই রাকিবুল আরও জানান, রাজু মিয়ার মুখ ও শরীরে অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অ্যালকোহল পান করেছিলেন।
ময়নাতদন্তের জন্য রাজু মিয়ার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে এলে তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রাজু মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


