...|...|...

রাজধানী

যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে বসা যুবককে ছুরিকাঘাতে হত্যা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৮
Shares
যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে বসা যুবককে ছুরিকাঘাতে হত্যা

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৮) নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে কুতুবখালী বড় মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ভোর সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোররাতে কুতুবখালী বড় মাদ্রাসা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ওই যুবকের ওপর হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রাবাড়ী বড় মাদ্রাসার শিক্ষার্থী আবু তালহা জানান, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাইরে চিৎকার শুনতে পান তিনি। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, মোটরসাইকেলে বসে থাকা এক যুবককে দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাত করছে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিচে নেমে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

আবু তালহা আরও জানান, ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার ফোন করা হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। পরে তারা যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে গিয়ে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যকে বিষয়টি জানান।

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসান আলী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বড় মাদ্রাসা এলাকা থেকে ওই যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।