বাংলাদেশে আরও পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্প বাস্তবায়নে পরামর্শক সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এতে সংস্থাটির সহায়তাধীন ছয়টি প্রকল্পের সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক হাজার মেগাওয়াট ছাড়াবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ আসতে পারে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এডিবি জানিয়েছে, ফেনীর সোনাগাজীতে ১৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চলমান পরামর্শক সহায়তার পরিধি বাড়িয়ে নতুন পাঁচটি প্রকল্প যুক্ত করা হচ্ছে। তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় থাকা এই ছয় প্রকল্পের লক্ষ্য দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, আমদানিনির্ভর জ্বালানির ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য উৎস থেকে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
কর্মসূচির প্রথম ধাপে সোনাগাজীতে ১৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের সাথে ২৬ মেগাওয়াট-আওয়ার সক্ষমতার ব্যাটারি সংরক্ষণব্যবস্থা স্থাপন করা হবে। চলতি বছরের মধ্যেই প্রকল্পটির দরপত্র আহ্বানের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুই ধাপের পাঁচটি প্রকল্পের প্রস্তুতি ও ক্রয়প্রক্রিয়ায় এটি একটি মডেল হিসেবে কাজ করবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, বাংলাদেশের সামনে নিরাপদ, টেকসই ও বিনিয়োগবান্ধব জ্বালানি খাত গড়ে তোলার বড় সুযোগ রয়েছে। পরামর্শক সহায়তার এই সম্প্রসারণ বিচ্ছিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিবর্তে পরিচ্ছন্ন জ্বালানিতে বৃহৎ ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের বাজার তৈরির উদ্যোগ।
তিনি জানান, প্রকল্প প্রস্তুতি, প্রতিযোগিতামূলক দরপত্র এবং বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নত করার মাধ্যমে প্রয়োজনীয় মূলধন, প্রযুক্তি ও দক্ষতা আকর্ষণে বাংলাদেশকে সহায়তা করবে এডিবি।
নতুন চুক্তির আওতায় সরকারি জমির উপযুক্ততা যাচাই, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, বাজার সমীক্ষা, দরপত্রের নথি প্রস্তুত এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ঠিকাদার নির্বাচনের বিভিন্ন পর্যায়ে সহায়তা দেওয়া হবে। এ কাজে ইনভেস্ট বাংলাদেশ অথরিটি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাথে কাজ করবে সংস্থাটি।
এডিবির প্রত্যাশা, এসব প্রকল্পের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে ১০০ কোটি ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে। একই সাথে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সরকারি লক্ষ্য অর্জনেও সহায়ক হবে কর্মসূচিটি।
ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ, বিশেষ করে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে সরকার কাজ করছে। এডিবির সাথে এই অংশীদারত্ব দেশের পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ-সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বিপিডিবির সচিব আফরোজা সুলতানা এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং।
তবে এডিবির এই উদ্যোগ সরাসরি প্রকল্প নির্মাণে অর্থায়নের ঘোষণা নয়; বরং প্রকল্প প্রস্তুত ও বিনিয়োগকারী আকর্ষণে লেনদেনসংক্রান্ত পরামর্শক সহায়তা। ফলে সম্ভাব্য ১০০ কোটি ডলারের বিনিয়োগ বাস্তবে আসা নির্ভর করবে প্রকল্পগুলোর প্রস্তুতি, দরপত্রের ফলাফল এবং বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণের ওপর।


