শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন বরাদ্দ দেওয়া হবে শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফলের ভিত্তিতে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি এবং ফলাফল ভালো, সেসব প্রতিষ্ঠান ভবন নির্মাণের সুবিধা পাবে। আর যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী নেই কিংবা ফলাফল খারাপ, সেসব প্রতিষ্ঠান এ সুবিধা থেকে বঞ্চিত হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশে কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না। লেখাপড়ায় দুর্নীতি ও নকলের কোনো সুযোগ থাকবে না। এটি বিগত ফ্যাসিস্ট সরকার নয় যে খাতায় না লিখেও নম্বর পাওয়া যাবে, পাস করা যাবে। পরীক্ষার খাতায় লিখতে হবে এবং শিক্ষকদের সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তবেই ভালো ফলাফল অর্জন সম্ভব।
তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফল বিবেচনায় নেওয়া হবে। এবার এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হয়নি। অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা দ্বিতীয় দফায় মূল্যায়ন করা হয়েছে। এতে পাস করা ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষক শ্রেণিকক্ষের বাইরে কোচিং সেন্টারে গিয়ে শিক্ষার্থীদের পড়াতে পারবেন না। অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। এটি বন্ধ করতে হবে। শিক্ষকদের শ্রেণিকক্ষেই পাঠদান নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা ক্লাস বাদ দিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল-মিটিংয়ে অংশ নিতে পারবেন না। যেসব শিক্ষক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে অংশ নিলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ প্রমুখ।


