...|...|...

সারাদেশ

জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০৬
Shares
জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ নামে চিহ্নিত করেছেন বরিশালের বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীতে তার বাড়ির সামনে এ নামে ব্যানার ও পোস্টার লাগানোর পাশাপাশি বাড়ির গেটেও নতুন নামফলক স্থাপন করা হয়।

এ সময় বাড়ির সামনে উপস্থিত হয়ে গুমের শিকার দুই সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানান। দীর্ঘদিন ধরে নিখোঁজ দুই ছেলের সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ফিরোজা বেগম জানান, তার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের কোনো খোঁজ পাননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সন্তানদের কী অপরাধ ছিল এবং কেন তাদের এভাবে নিখোঁজ করা হয়েছে, সেই প্রশ্নের জবাব চান তিনি। একই সঙ্গে সন্তানদের সন্ধান এবং ঘটনার বিচার দাবি করেন এই মা।

বাড়ির সামনে কর্মসূচিতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার চান তারা। তার ভাষ্য, বরিশালের ছাত্র-জনতা জিয়াউল আহসানের জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে।

কর্মসূচি চলাকালে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। বাড়ির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’ কালি দিয়ে মুছে সেখানে ‘খুনির বাড়ি’ এবং ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক লাগানো হয়। এ ছাড়া তার বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগে নিহত এবং নিখোঁজ ব্যক্তিদের তালিকা সংবলিত একটি ব্যানার বাড়ির সামনে টাঙানো হয়।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়ার কথা তুলে ধরা হয়েছে। সাক্ষীদের বক্তব্যে নিহতের সংখ্যা ১৫০ থেকে ২০০ পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুম ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন জিয়াউল আহসান। বিরোধী মতাদর্শের ব্যক্তিদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের পর গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হত্যার পর লাশ গুম করার জন্য বিশেষ কৌশল অবলম্বন করা হতো। পেটে আঘাত করে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদী বা খালে ফেলে দেওয়া হতো বলে আদালতে অভিযোগ তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।