...|...|...

সারাদেশ

রংপুরে ৪ খুন

চুরির জন্য ছাদে অপেক্ষা, দেখে ফেলায় পরিবারের সবাইকে হত্যা: পুলিশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৮
Shares
চুরির জন্য ছাদে অপেক্ষা, দেখে ফেলায় পরিবারের সবাইকে হত্যা: পুলিশ

ছবি: সংগৃহীত

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার নেপথ্যে চুরির পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। চুরির সুযোগের অপেক্ষায় তারা বাড়ির ছাদে অবস্থান করছিলেন। এ সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলেন। পুলিশের দাবি, এ কারণেই গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়। তদন্ত শেষে আদালতে দাখিল করা অভিযোগপত্রে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।

পুলিশ কমিশনার জানান, গ্রেফতার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাদের জবানবন্দির সাথে মিলেছে।

সংবাদ সম্মেলনে তদন্তের বিভিন্ন তথ্য তুলে ধরেন গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি জানান, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্যের ভিত্তিতেই দুই আসামি ওই বাড়িতে চুরির পরিকল্পনা করেন।

তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের ১৫ থেকে ১৭ দিন আগেও ওই বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েছিলেন সিদ্ধার্থ দাস। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গত ২১ আগস্ট চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে যান দুই আসামি। সেখানে পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়। নিহতরা হলেন গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগমী চক্রবর্তী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তী। তদন্তের সময় সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্নও পাওয়া যায়।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের পর বাড়ি থেকে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি হওয়া নগদ টাকার পরিমাণ প্রায় ১৫ হাজার টাকা। পরবর্তী সময়ে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। পরীক্ষায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গণপতি চক্রবর্তী অবসরকালীন সুবিধা হিসেবে ৫০ থেকে ৬০ লাখ টাকা পেয়েছেন বলে এলাকায় আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। বর্তমানে হিসাব দুটি জব্দ করা হয়েছে।

তদন্ত শেষে আদালতে দাখিল করা অভিযোগপত্রে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগপত্র নিয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হবে। বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।

তবে পুলিশের তদন্তে উঠে আসা হত্যাকাণ্ডের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী।

তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এটি একটি খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত রয়েছেন। শুরু থেকেই তিনি বলে আসছেন, দুই ব্যক্তির পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানালেও তাদের বক্তব্য গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে তদন্তে মাদক সেবনের তথ্য উঠে এলেও হত্যাকাণ্ডের নয় দিন পর দুই আসামির ডোপ টেস্টে তাদের শরীরে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি বলে এর আগে জানিয়েছিল পুলিশ। তবে ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে তাদের উপস্থিতির প্রমাণ মিলেছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রংপুর নগরের মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করা হয়। পরে গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই দুই আসামির বাইরে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের দাবিতে বিভিন্ন সময়ে বিক্ষোভ-সমাবেশসহ নানা কর্মসূচিও পালন করেছেন তারা।