...|...|...

রাজধানী

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৭, তালিকায় নিষিদ্ধ সংগঠনের ৪৯ জন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৩
Shares
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৭, তালিকায় নিষিদ্ধ সংগঠনের ৪৯ জন

ছবি: সংগৃহীত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ৪৯ জন রয়েছেন। অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত হাতবোমা, ককটেলের অংশবিশেষ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে ডিএমপি। বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পাশাপাশি ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর আটটি অপরাধ বিভাগে পৃথক অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেফতারহয়েছেন মিরপুর বিভাগে, ১১৭ জন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৬০ জন এবং উত্তরা বিভাগে ৪২ জনকে গ্রেফতারকরা হয়েছে।

অন্য বিভাগগুলোর মধ্যে লালবাগে ৪৩ জন, গুলশানে ৪১ জন এবং রমনায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের পাশাপাশি বিস্ফোরকসদৃশ সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা জিনিসপত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা ও একটি চাপাতি। এ ছাড়া পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা এবং বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৫২২ পিস ইয়াবা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এক লিটার পেট্রোল, এক হাজার টাকা এবং একটি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।