...|...|...

সারাদেশ

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৫
Shares
টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকার একটি পোশাক কারখানায় ভাঙচুর চালান শ্রমিকরা। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসেন। পরে দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের মধ্যে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা এলাকার একটি পুলিশ বক্সে ভাঙচুর চালান। পরে বক্সটির ভেতরে ও বাইরে কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেন তারা। একই সময় মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।

সংঘর্ষের জেরে দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।

বেলা ১টা ৫৩ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, অনেক জায়গায় আগুন দিয়েছে। পুলিশ বক্সে আগুনের বিষয়টি জেনে বলতে হবে। এখন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চালু আছে বলে জানান তিনি।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর এলাকায় ৭০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে।