চট্টগ্রামের ফটিকছড়িতে ছয়জনকে গুলিবিদ্ধ করার ঘটনায় নিজে গুলি চালানোর কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। একইসাথে গুলিবিদ্ধদের কেউ অসহায় হলে আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে রায়হান দাবি করেন, কয়েকজন নেতা তার গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তাদের সাথে আগে থেকে তার কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।
পোস্টে রায়হান লেখেন, ‘আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই। অবশ্যই তাদের সাথে আমার কোনো ঝামেলা ছিল না। শান্তভাবে যাচ্ছিলাম, রাস্তা আটকাবি কেন?’
গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘যারা যারা গুলি খেয়েছেন, ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সাথে আমার ঝামেলা ওইখানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায়, টাকা-পয়সা সাহায্যে লাগে, আমাকে ইনবক্স করিয়েন।’
ভবিষ্যতে কারও গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা জেনে নেওয়ার হুঁশিয়ারিও দেন রায়হান। তবে ফেসবুক পোস্টে দেওয়া তার এসব বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে গুলির ঘটনায় পথচারী, ব্যবসায়ী ও চালকসহ ছয়জন গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশ। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দা।
পুলিশের জিজ্ঞাসাবাদে জাবেদ দাবি করেন, কয়েকজন অপরিচিত ব্যক্তি তার অটোরিকশা ভাড়া করেন। পরে তাকে জিম্মি করে গাড়ি চালাতে বাধ্য করা হয়।
এ ঘটনায় শুটার রায়হান ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। তাকে ধরতে স্থানীয়দের সহযোগিতা চেয়ে মাইকিংও করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ।
তিনি সুয়াবিল ইউনিয়নের হযরত সৈয়দ কমর চাঁদ আলী শাহ মাজারের সামনে হ্যান্ডমাইকে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন। পাশাপাশি মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে রায়হানকে শনাক্ত করতে সহায়তা চান। তার মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মাইকিংকালে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শুটার রায়হানকে আটক করা সম্ভব হলে পুরো চট্টগ্রাম শান্ত হয়ে যাবে। এ সময় তাকে শনাক্ত করার সুবিধার্থে রায়হানের শারীরিক গঠন ও চেহারার বর্ণনাও তুলে ধরেন তিনি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ঘটনার পরপরই চুঁরখারহাট বাজারসহ সুয়াবিল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে। আটক অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হান চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত পলাতক অপরাধীদের একজন। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের মামলাসহ তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক অপরাধচক্রের নেতৃত্ব দিয়ে আসছেন রায়হান। বিদেশে পলাতক সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ এবং বর্তমানে কারাবন্দি ‘ছোট সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তার নাম এসেছে। তাদের অপরাধচক্রের হয়ে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ছয়জনকে গুলিবিদ্ধ করার ঘটনার পর শুটার রায়হান ও তার সহযোগীদের গ্রেফতারে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি অভিযান জোরদার করা হয়েছে।


